বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। প্রথম ধাপে সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী নিতে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটি। একই সঙ্গে ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতেও রাজি হয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় বলছে, মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দীর্ঘদিন ধরে সেখানে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী কাজ করছেন। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বন্ধ ও সীমিত হয়ে পড়া বৈদেশিক শ্রমবাজার ফের চালুর উদ্যোগ নিয়েছে, আর এর মধ্যে মালয়েশিয়াকে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব।
কারা তালিকায়
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে তালিকাভুক্ত হচ্ছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল, ২৫টি বেসরকারি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সি। তালিকাভুক্ত এজেন্সিগুলো নিজেরাই নিয়োগকর্তা খুঁজে নিতে, চাহিদাপত্র সংগ্রহ করতে এবং বাংলাদেশ থেকে কর্মী বাছাই করতে পারবে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় যাচাই-প্রক্রিয়া শুরু হয়েছিল। তখন ৪২৩টি এজেন্সির তালিকা পাঠানো হয়েছিল মালয়েশিয়ায়। ২০২২ সালের ১৮ ডিসেম্বর স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী এজেন্সি নির্বাচনের এখতিয়ার মালয়েশিয়ার।
প্রক্রিয়া যেভাবে চলবে
কলিং ভিসা ও ই-ভিসাসহ প্রশাসনিক কাজে সহায়তা করবে বোয়েসেল ও ২৫টি সার্ভিস এজেন্সি। প্রতিটি অনুমোদিত এজেন্সি নিজস্ব লাইসেন্সের অধীনে বিএমইটি ছাড়পত্র নিতে পারবে। এ জন্য বোয়েসেল ও সার্ভিস এজেন্সিগুলো দেবে অনাপত্তিপত্র।
মেডিকেল সেন্টার নিয়ে সিদ্ধান্ত
কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার মেডিকেল সেন্টারের নতুন তালিকা এখনো চূড়ান্ত হয়নি। মালয়েশিয়ার তিন মন্ত্রণালয়ের যৌথ প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শনের পর তা অনুমোদন করবে। ততদিন বিদ্যমান তালিকা থেকে বিতর্কিত ও অনিয়মে জড়িত সেন্টারগুলো বাদ দিয়ে বাকিগুলোর মাধ্যমে কার্যক্রম চলবে। কোনো একটি সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ দেওয়া হবে না।
সরকার বলছে, অভিবাসন ব্যয় কমানো ও নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করাই এখন অগ্রাধিকার। কর্মীরা যেন বাড়তি আর্থিক বোঝার শিকার না হন, সে জন্য এজেন্সিগুলোকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আব্দুল্লাহ আল রাহাত ,ঢাকা 



















