ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি নিজের সাজপোশাকে বৈচিত্র্য আনতে ভালোবাসেন, আর সেই বৈচিত্র্যে বারবার চোখ আটকে যায় ভক্তদের। এবার কালো পোশাকে ভিন্টেজ সাজে ধরা দিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন তিনি। সোনালি-রুপালি নকশার পোশাক, জমকালো গয়না আর রাজকীয় সাজের ছবিগুলো দৃষ্টি কেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন পরীমনি। ছবিগুলোতে তাঁকে দেখা যায় আভিজাত্যে ভরা কালো পোশাকে। পোশাকের হাতা ও ব্লাউজজুড়ে ছড়িয়ে আছে সোনালি ও রুপালি এমব্রয়ডারির সূক্ষ্ম কারুকাজ, যা পুরো সাজে যোগ করেছে বাড়তি আকর্ষণ।
চুলে ছিল ক্লাসিক খোঁপা, তাতে গোঁজা মুক্তাখচিত হেয়ার পিন। গাঢ় মেরুন লিপস্টিক আর স্মোকি আই মেকআপে তাঁর চেহারায় ফুটে উঠেছে পুরোনো দিনের গ্ল্যামার। কপালে মাংটিকা, গলায় পাথরের হার, কানে দুল আর হাতে সোনালি বালা—সব মিলিয়ে এই সাজে আভিজাত্য ও ঐতিহ্যের এক মেলবন্ধন চোখে পড়ে।
ছবির পটভূমিতেও রয়েছে নান্দনিকতার ছোঁয়া। প্রাচীন গ্রামোফোন আর উষ্ণ আলোর আবহে কখনো মিষ্টি হাসিতে, কখনো গম্ভীর অভিব্যক্তিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন এই অভিনেত্রী। পুরো আয়োজনে যেন ভিন্টেজ ফ্যাশনের আবেদনই মূর্ত হয়ে উঠেছে।
নতুন এই লুক ইতোমধ্যে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোশাক, গয়না ও ছবির নান্দনিক উপস্থাপনার প্রশংসা করছেন অনেকে। এই সাজে আরও একবার নিজের স্টাইলিশ উপস্থিতির জানান দিলেন ঢালিউডের এই নায়িকা।
বিনোদন ডেস্ক: 




















