সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণের কারণে যমুনা টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কারখানাটির বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সংস্কার ও বর্ধিত করে কার্যকর করার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের মশিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এসময় শাহজাদপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্বে অভিযানের প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ শাহিন আলম ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম।সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারখানাটিতে উৎপাদিত তরল বর্জ্যের তুলনায় স্থাপিত ইটিপির সক্ষমতা কম। ফলে অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশে নির্গমনের মাধ্যমে দূষণ সৃষ্টি করায় কারখানাটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। একই সাথে আগামী ৪ মাসের মধ্যে ইটিপি বর্ধিতকরণ, সংস্কার ও কার্যকর করে কারখানা পরিচালনার জন্য কর্তৃপক্ষের নিকট থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, অভিযানে তরল বর্জ্য পরিবেশে নির্গমনের জন্য ব্যবহৃত বাইপাস লাইনটি অপসারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ইটিপি সংস্কার ও কার্যকর করতে ব্যর্থ হলে কারখানাটির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে।অভিযানে শাহজাদপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ দূষণ রোধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
মোঃ হোসেন আলী ছোট্ট, সিরাজগঞ্জ 























