বিএনপি পানি খাবে, তবে তা ঘোলা করেই খাবে— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার সকালে গাজীপুরের ভোগরা বাইপাস সড়কে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় শফিকুর রহমান বলেন, তাদের এই লংমার্চ দেশকে দুর্নীতিমুক্ত করা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। দলীয় কোনো দাবি নয়, বরং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতেই তারা মাঠে নেমেছেন বলে জানান তিনি। আন্দোলন সফল করতে জনগণের প্রতি আহ্বানও জানান তিনি।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস-সারের সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি-দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলার উন্নয়ন, দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই লংমার্চের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।
পথসভায় এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, তারা সরকার বা দেশের বিরুদ্ধে নন, বরং সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ চান, যা বর্তমান সরকার নিশ্চিত করতে পারছে না বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই, এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের গড়িমসি বরদাশত করা হবে না।
এর আগে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে উদ্বোধনী সমাবেশ শেষে সকাল আটটার দিকে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে তেজগাঁও, মহাখালী, বনানী, খিলক্ষেত, উত্তরা ও টঙ্গীতে হাজারো মানুষ ফুল ও স্লোগানে বহরকে স্বাগত জানান।
গাজীপুরের পথসভা শেষে বহরটি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুরের দিকে অগ্রসর হবে। রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে লংমার্চের সমাপনী সমাবেশ।
শিরোনাম :
পানি ঘোলা করে খাবে বিএনপি— মন্তব্য জামায়াত আমিরের
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ১১:১৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- 12
জনপ্রিয় সংবাদ




















