রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল। ঘটনায় জড়িত সন্দেহে মোটরসাইকেলে আসা দুজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে দুজন ঘটনাস্থলে আসেন। দুই থেকে তিন মিনিট সেখানে থেকে আশপাশের পরিস্থিতি দেখে নেন। এরপর দুটি ককটেল ছুড়ে তাঁরা দ্রুত সরে পড়েন। পুলিশ জানতে পেরেছে, তাঁরা আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে গেছেন।
ডিসি ইবনে মিজান জানান, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে। তিনি বলেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্বৃত্তরা মূল সড়ক এড়িয়ে সংযোগ সড়ক ব্যবহার করে ঘটনাস্থলে আসে। ককটেল ছুড়েই তারা দ্রুত পালিয়ে যায়। মূল সড়ককেন্দ্রিক নিরাপত্তার বাইরে বিকল্প পথ ব্যবহার করায় তারা এ সুযোগ পেয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা অবিস্ফোরিত বস্তুটি পরীক্ষা করে তাতে স্প্লিন্টার বা ক্ষতিকর কোনো উপাদান পাওয়া যায়নি। ডিএমপির এই কর্মকর্তার প্রাথমিক পর্যবেক্ষণে বস্তুটি পটকার মতো।
নিজস্ব প্রতিবেদক 




















