শিরোনাম :
ভুরুঙ্গামারী-নাগেশ্বরী থানার জন্য সরকারি যানবাহন চাইলেন এমপি আনোয়ারুল
-
নুরুল আমিন, স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০২:১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- 34
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী – নাগেশ্বরী থানার পুলিশি কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে পৃথকভাবে একটি করে সরকারি যানবাহন বরাদ্দের দাবি জানিয়েছেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম।
এ বিষয়ে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া এক লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, ভূরুঙ্গামারী উপজেলা একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ এবং তিনদিকে সীমান্তবর্তী এলাকা। উপজেলার বিস্তীর্ণ সমতল ও চরাঞ্চল, ভৌগোলিক অবস্থান এবং দুর্গমতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে নিয়মিতভাবে বিস্তৃত এলাকায় দায়িত্ব পালন করতে হয়। বিশেষ করে সীমান্তবর্তী হওয়ায় মাদক, চোরাচালান, মানবপাচারসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিরবচ্ছিন্ন তৎপরতা প্রয়োজন।
আবেদনে আরও বলা হয়, পাশাপাশি জমিজমা সংক্রান্ত বিরোধ, সামাজিক বিরোধ ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত টহল এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভূরুঙ্গামারী থানায় পর্যাপ্ত যানবাহন না থাকায় পুলিশি সেবা, টহল ও জরুরি কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
এ অবস্থায় ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা এবং জনগণকে দ্রুত পুলিশি সেবা দেওয়ার লক্ষ্যে দুই থানার অনুকূলে একটি করে মোট দুইটি সরকারি যানবাহন বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম এমপি।
স্থানীয়দের মতে, সীমান্তবর্তী এ দুই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের চলাচল ও টহল ব্যবস্থা জোরদার ও শক্তিশালী করতে সরকারি যানবাহন বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমপির এ উদ্যোগ বাস্তবায়িত হলে পুলিশি সেবা আরও দ্রুত ও কার্যকর হবে বলে তারা আশা করছেন।
ট্যাগস
রংপুর বিভাগ
জনপ্রিয় সংবাদ





















