কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা ও ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুমা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
২৮ নভেম্বর শনিবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার রুমা খাতুন উপজেলার বড় খাটামারী এলাকার বাসিন্দা। সে গোলাম রব্বানীর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদের উপস্থিতিতে থানা পুলিশের একটি দল ওই ভাড়া বাসায় অভিযান চালায়।
এ সময় স্থানীয় সচেতন নাগরিকদের সহযোগিতায় বাসাটিতে তল্লাশি করে তিনটি পলিথিন ও স্কচটেপে মোড়ানো প্যাকেট থেকে ২০ কেজি গাঁজা এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে পাশের একটি কক্ষে ইয়াবা সেবনের অভিযোগে সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ আরও দশ জনকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, ওই বাসাটি ভাড়া নিয়ে রুমা খাতুন ও তাঁর স্বামী গোলাম রব্বানী মাদক সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে ওই বাসায় মজুত করা হতো। পরে সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে এসব মাদক সরবরাহ করা হতো বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারী উপজেলায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করছে পুলিশ। মাদক, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
নুরুল আমিন, স্টাফ রিপোর্টার 
























