হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি দিনমজুর পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘লতিফি হ্যান্ডস’। সংগঠনের পক্ষ থেকে নির্মিত নতুন ঘর ও আসবাবপত্র আজ রোববার (২৫ জানুয়ারি) ক্ষতিগ্রস্তদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
সম্প্রতি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্রীরামপুর গ্রামের ১০টি পরিবারের ঘরসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন দিনমজুর জসিম উদ্দিন, ছালেহা খাতুন, রেনু মিয়া, আয়েশা বেগম, সজিব মিয়া, পলাশ আহমদ, ময়না মিয়া, লীলু মিয়া, শফিক মিয়া ও বিলাল মিয়া।
আর্তমানবতায় নিবেদিত সংস্থা ‘লতিফি হ্যান্ডস’ আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলীর নির্দেশনায় দ্রুত এই পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব নেয়। সংগঠনের প্রতিনিধিরা অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের জন্য নতুন মজবুত ঘর নির্মাণ সম্পন্ন করেন।
আজ ২৫ জানুয়ারি, রবিবার বিকেলে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলীর ছাহেবজাদা মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন। এসময় ঘর ছাড়াও প্রতিটি পরিবারকে নতুন চৌকি, লেপ-তোষকসহ প্রয়োজনীয় গৃহস্থালি আসবাবপত্র এবং নগদ অর্থ প্রদান করা হয়।
ঘর হস্তান্তরকালে মাওলানা ফারহান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, “দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। লতিফি হ্যান্ডস সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
আকস্মিক অগ্নিকাণ্ডে সব হারিয়ে দিশেহারা দিনমজুর পরিবারগুলো নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, শীতের এই মৌসুমে থাকার জায়গা হারিয়ে তারা চরম বিপাকে ছিলেন, লতিফি হ্যান্ডস-এর এই সহায়তা তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে।
আবীর আল নাহিয়ান, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি 


























