জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল (NIDCH), মহাখালীতে ডেডিকেটেড টিবি (যক্ষ্মা) কর্নারের উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (CHAB) প্রকাশিত ‘Pulmonary TB Guideline’-এর ২য় সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি প্রফেসর ডা. হারুন আল রশীদ, চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (CHAB) মহাসচিব ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল, ড্যাবের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর পরিচালক প্রফেসর ডা. মো. আবুল কেনান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. মোঃ জাহিদ রায়হান এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সরওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া (বিদ্যুৎ)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. আব্দুস শাকুর খান।
অনুষ্ঠানে টিবি রোগের আধুনিক ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে CHAB প্রকাশিত ‘Pulmonary TB Guideline’-এর ২য় সংস্করণের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং ডেডিকেটেড টিবি কর্নারের উদ্বোধনের মাধ্যমে যক্ষ্মা রোগীদের জন্য আরও সমন্বিত ও সহজলভ্য সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আয়োজকরা জানান, টিবি নিয়ন্ত্রণে আধুনিক চিকিৎসা নির্দেশনা, সমন্বিত স্বাস্থ্যসেবা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ওপরও গুরুত্বারোপ করা হয়।
আব্দুল্লাহ আল রাহাত (স্টাফ রিপোর্টার) 


























