মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় আহতদের মধ্যে আবিদা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আজ শনিবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, সকাল ১০টার দিকে মাদ্রাসার টিফিন চলাকালীন সময়ে বাচ্চারা মাদ্রাসার পাশে একটি বসত ঘরের সিঁড়ির গোড়ায় পড়ে থাকা একটি বস্তু শিক্ষার্থীরা নাড়াচাড়া করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনাসহ (৯) পাঁচজন শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাদ্রাসার মাহতামিম হাফিজুর রহমান বলেন, ‘মাদ্রাসায় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন শিক্ষার্থী আহত হয়েছে।’
খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।’
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ককটেলটি সেখানে কীভাবে এলো এবং ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।’
চলমান বার্তা ডেস্ক : 


















