বরিশালের ইলিশের বাজারে দীর্ঘ সময়ের চড়া দামের পর অবশেষে স্বস্তির খবর মিলেছে। সরবরাহ বেড়ে যাওয়ায় গত কয়েক দিনে পাইকারি ও খুচরা—উভয় বাজারেই কমেছে ইলিশের দাম। বুধবার (১৬ সেপ্টেম্বর) নগরীর প্রধান পাইকারি মোকাম পোর্ট রোড এবং আশপাশের খুচরা বাজার ঘুরে ব্যবসায়ী, জেলে ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
ব্যবসায়ীদের ভাষ্যমতে, প্রায় এক সপ্তাহ ধরে মোকামে ছোট, মাঝারি ও বড় আকারের ইলিশের আমদানি তুলনামূলক বেড়েছে। সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে নামতে শুরু করেছে দামও, যাতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।
পোর্ট রোড বাজারে মাছ কিনতে আসা রাসেল হাওলাদার জানান, এক সপ্তাহ আগে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছিল ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা কেজি দরে। একই আকারের মাছ এখন মিলছে ২ হাজার ৪০০ টাকায়। দাম কমায় তিনি স্বাভাবিকের চেয়ে বেশি, দুই কেজি মাছ কিনেছেন বলে জানান।
বাংলাবাজারের ক্রেতা রেজাউল ইসলামের অভিজ্ঞতাও প্রায় একই রকম। তিনি বলেন, গত সপ্তাহে ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের দুটি ইলিশ তাকে কিনতে হয়েছিল ২ হাজার ৫০০ টাকা কেজি দরে, যা এখন নেমে এসেছে ২ হাজার টাকায়।
পোর্ট রোড মোকামের খুচরা বিক্রেতা নাসির উদ্দিনের তথ্য অনুযায়ী, চার পিসে এক কেজি হয় এমন ইলিশ আগে এক হাজার টাকায় কিনলেও এখন তা মিলছে ৬০০ টাকায়। এক কেজি ওজনের ইলিশও আগের ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকার বদলে এখন ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
পোর্ট রোড মৎস্য আড়তদার সমিতির সভাপতি মো. জহির শিকদার জানান, গত সপ্তাহে মোকামে ইলিশ এসেছিল প্রায় ৭৫ মণ, যেখানে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬০ মণে—অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সরবরাহ দ্বিগুণেরও বেশি হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে সামনে দাম আরও কমতে পারে বলে মনে করেন তিনি।
তার দেওয়া হিসাব অনুযায়ী, দেড় কেজির বেশি ওজনের ইলিশের মণপ্রতি দাম দেড় লাখ টাকা থেকে কমে হয়েছে এক লাখ ২০ হাজার টাকা। এক কেজি ২০০ গ্রাম থেকে দেড় কেজি ওজনের ইলিশ এক লাখ ২৫ হাজার থেকে নেমেছে এক লাখ পাঁচ হাজার টাকায়। এছাড়া ছোট আকারের ইলিশের দামেও একই রকম পতন লক্ষ করা গেছে।
নিজস্ব প্রতিবেদক 



















