একদিকে সংবিধান সংস্কারের আলোচনা আর তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে মতভেদ, অন্যদিকে নাগরিক জীবনের সংকট ক্রমেই গভীর হচ্ছে। সেরা ৫০০ শহরের তালিকা থেকে ছিটকে গেছে ঢাকা, চার বছরে দরিদ্র বেড়েছে প্রায় ৮০ লাখ। ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, অথচ মশা নিধনের ৪৮ হাজার কমিটির বেশির ভাগই কাগজে। বহিষ্কৃত নেতাকর্মীদের দখল-চাঁদাবাজি থামছে না, মবের শিকার শিক্ষকদের ঘটনা তদন্তে আসছে জাতিসংঘ। আকাশসীমা থেকে আয় বাড়ছে, বিমানের বহরও বড় হচ্ছে; তবু সক্ষমতার প্রশ্ন থেকেই যায়। মাদকের ২৯৬ রুট জানিয়ে দিচ্ছে, সংকটের ছায়া দীর্ঘ।
সংবিধান সংস্কার ও তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি। সংবিধান সংস্কারবিষয়ক বিশেষ সংসদীয় কমিটি জুলাই সনদের পাশাপাশি বিএনপির ইশতেহারের প্রস্তাবগুলোকেও অগ্রাধিকার দেবে বলে কমিটির সরকারদলীয় সদস্যরা জানিয়েছেন।
দলটির প্রধান প্রস্তাবগুলোর মধ্যে আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফিরিয়ে আনা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে বিচার বিভাগ ও রাষ্ট্রপতিকে বাদ দেওয়া এবং প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে সীমিত রাখা। প্রধানমন্ত্রীর একই সঙ্গে দলীয় প্রধান থাকা এবং ভাইস-প্রেসিডেন্ট পদ চালুর বিষয়টিও ইশতেহারের অংশ।
কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আবারও বলেছেন, স্বাক্ষরিত সনদ বিএনপি হুবহু বাস্তবায়ন করবে। গতকালের বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে এমন কিছু প্রস্তাব রয়েছে যার জন্য সাংবিধানিক সংশোধন প্রয়োজন। যেহেতু এসব বিষয়ে আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি, তাই আমরা সেগুলোও অন্তর্ভুক্ত করব।’
‘জুলাই সনদ বাস্তবায়নে বড় পরীক্ষা তত্ত্বাবধায়ক সরকার’। তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে দলগুলোর মধ্যে মোটামুটি ঐকমত্য থাকলেও নির্বাচনকালীন সরকার কীভাবে গঠিত হবে এবং প্রধান উপদেষ্টা কে হবেন, তা নিয়ে জটিলতা কাটেনি। সনদে পাঁচ সদস্যের বাছাই কমিটি, ৫+৫+২ পদ্ধতি, বিচার বিভাগের দুই প্রতিনিধি এবং সাত সদস্যের কমিটিতে গোপন ব্যালটে ‘র্যাংকড চয়েস’ ভোটের কাঠামো প্রস্তাব করা হয়েছে। এর একাধিক ধাপে দলগুলোর ভিন্নমত আছে। বিচার বিভাগের প্রতিনিধি অন্তর্ভুক্তি, প্রধান উপদেষ্টা নির্বাচনের পদ্ধতি এবং পদ শূন্য হলে উত্তরসূরি ঠিক করার প্রক্রিয়া নিয়ে নোট অব ডিসেন্ট রয়েছে।
গত রোববার সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির পঞ্চম বৈঠক হয়েছে। শ্রমজীবী মানুষ এবং ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর প্রতিনিধিরা সেখানে নিজেদের প্রস্তাব তুলে ধরেন। কমিটি জানিয়েছে, বৈঠকে উত্থাপিত ও লিখিতভাবে পাঠানো সব প্রস্তাব তাদের প্রতিবেদনে উল্লেখ থাকবে।
সেরা ৫০০ শহরে ঢাকা নেই, দেশে দরিদ্র বেড়েছে ৮০ লাখ
বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে ছিটকে গেছে ঢাকা। বাংলাদেশের আটটি শহরের একটিও এই তালিকায় জায়গা পায়নি। এর পাশাপাশি দেশে দরিদ্র মানুষের সংখ্যা চার বছরে প্রায় ৮০ লাখ বেড়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, অথচ মশা নিধনের ৪৮ হাজারের বেশি কমিটির বেশির ভাগই কাগজের বাইরে নেই। বুধবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোতে এসব খবর গুরুত্ব পেয়েছে। রাজনীতির পাতায় জায়গা নিয়েছে বহিষ্কৃত নেতাকর্মীদের দৌরাত্ম্য, সংবিধান সংস্কার কমিটির কাজ এবং তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে মতভেদ।
তালিকায় নেই কোনো শহর
‘বিশ্বের ৫০০ ভালো শহরের তালিকায় নেই বাংলাদেশের কোনো শহর’। বড় অবকাঠামো কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধি একা কোনো শহরকে বাসযোগ্য করে তুলতে পারে না। এর জন্য দরকার দূষণমুক্ত পরিবেশ, মানসম্মত নাগরিক সেবা, সুশাসন ও টেকসই অর্থনীতি।
যুক্তরাজ্যভিত্তিক স্বাধীন পরামর্শক প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ সালের গ্লোবাল সিটিজ ইনডেক্সে ১৬৩টি দেশের এক হাজার শহরকে মূল্যায়ন করা হয়েছে। মানদণ্ড পাঁচটি: অর্থনীতি, মানবসম্পদ, জীবনযাত্রার মান, পরিবেশ ও শাসন ব্যবস্থা। তালিকায় বাংলাদেশের শহর আটটি। এর মধ্যে সবচেয়ে এগিয়ে ঢাকা, অবস্থান ৫১৫তম।
গত বছর ঢাকা ছিল ৪৮২তম স্থানে। এক বছরে ৩৩ ধাপ পিছিয়ে শহরটি সেরা ৫০০-এর বাইরে চলে গেছে। পিছিয়েছে অন্য বড় শহরগুলোও। সবচেয়ে বেশি অবনতি রাজশাহীর, ৬৬ ধাপ নেমে এখন ৭৭৯তম। চট্টগ্রাম ১৪ ধাপ পিছিয়ে ৭৬৩তম। বগুড়া নেমেছে ৩২ ধাপ, অবস্থান ৯২৬তম। খুলনা ৮১১তম, সিলেট ৮৩৪তম ও ময়মনসিংহ ৮৯৫তম। আটটি শহরের মধ্যে শুধু কুমিল্লা আগের অবস্থান ধরে রেখেছে, ৮৮৩তম।
ডেঙ্গুর বাড়বাড়ন্ত, কমিটি কাগজে
ডেঙ্গু ‘মশা মারতে ৪৮ হাজার কমিটি কাগজে আছে, বাস্তবে নেই’। মঙ্গলবার ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মারা গিয়েছিলেন ৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮১। এখন দেশের সব জেলাতেই রোগটি ছড়িয়েছে। প্রতিবেদনে আরও মৃত্যুর আশঙ্কার কথা বলা হয়েছে।
ডেঙ্গুর বাহক এডিস মশা। এই মশা নিয়ন্ত্রণের মূল দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের। ২০১৯ সালে বিভাগটির প্রকাশ করা জাতীয় নির্দেশিকায় ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কমিটি গঠনের কথা আছে। কোন স্তরে কত সদস্যের কমিটি হবে, কারা থাকবেন এবং কমিটির কাজ কী, সবই সেখানে বিস্তারিত লেখা। কিন্তু জাতীয় কমিটি ও সিটি করপোরেশনের কমিটি ছাড়া বাকি সব কমিটি কার্যত নিষ্ক্রিয়। জেলা, উপজেলা বা ইউনিয়ন পর্যায়ের কমিটি নিয়ে আলোচনাও খুব একটা শোনা যায় না। বিশেষজ্ঞদের মতে, স্থানীয় সরকার মন্ত্রণালয় আন্তরিক ও উদ্যোগী না হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়।
দারিদ্র্যের হার ও বিশ্বব্যাংকের সতর্কতা
চার বছরে দরিদ্রের সংখ্যা ৮০ লাখ বেড়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার ঢাকায় বিশ্বব্যাংকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান প্রতিবেদন ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রকাশ করা হয়। সেখানে ২০২২ সালে দারিদ্র্যের হার ৫ দশমিক ৯ শতাংশ এবং ২০২৬ সালে ১০ দশমিক ১ শতাংশ উল্লেখ করা হয়েছে বলে প্রতিবেদনে এসেছে।
বিশ্বব্যাংকের মূল্যায়নে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার কারণে প্রবৃদ্ধির গতি কমেছে। এতে নতুন কর্মসংস্থান কমেছে, কিছু কারখানা বন্ধ হয়েছে, কর্মীও ছাঁটাই হয়েছে। অব্যাহত মূল্যস্ফীতি মানুষের ক্রয়ক্ষমতা কমিয়েছে। ফলে দারিদ্র্য বিমোচনে আগের অর্জন ম্লান হয়ে গেছে।
সংস্থাটি আর্থিক, জ্বালানি ও রাজস্ব খাতে জরুরি সংস্কারের আহ্বান জানিয়েছে। তাদের সতর্কবার্তা, প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে আছে। ভর্তুকি আরও সুনির্দিষ্ট লক্ষ্যে দেওয়ার এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি বাড়ানোরও পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। কারণ, সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর প্রায় অর্ধেক এখনও বর্তমান কর্মসূচির বাইরে।
বহিষ্কৃতদের দৌরাত্ম্য
‘দখল-চাঁদাবাজিতে বহিষ্কৃতরাই বেপরোয়া’। ৫ই আগস্টের পটপরিবর্তনের পরপরই বিএনপির তৃণমূলের কিছু নেতাকর্মী নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। দলীয় শৃঙ্খলা ফেরাতে তখন কঠোর পদক্ষেপ নেয় দলের হাইকমান্ড। কয়েক সহস্রাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়, কারও বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়।
দল ক্ষমতায় আসার পর এই বহিষ্কৃতদের অনেকে আবার বেপরোয়া হয়ে উঠেছেন। বহিষ্কারের পরও তাঁরা দলের পরিচয় ব্যবহার করছেন এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ফুটপাথ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন, আবাসন, জমি, বাজার ও টেন্ডার, যেখানেই অর্থের উৎস, সেখানেই নিয়ন্ত্রণের লড়াই। এই লড়াইয়ে একের পর এক খুনের ঘটনাও ঘটছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে নিজ দলের কর্মীদেরই।
সম্প্রতি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও দখলের ঘটনায় বিএনপি ও সরকার বিব্রতকর অবস্থায় পড়ে। প্রতিবেদন অনুযায়ী সরকারপ্রধান দ্রুত ব্যবস্থা নিয়ে দলীয় এক সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেন। গত চার দিনে ৪১ জন চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছেন, যাঁদের বেশির ভাগই বিএনপির বহিষ্কৃত নেতাকর্মী।
মবের শিকার শিক্ষকদের ঘটনায় জাতিসংঘ
‘মবের শিকার শিক্ষক-শিক্ষার্থী তদন্তে আসছে জাতিসংঘ’। জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শাহীন আগামী মাসে বাংলাদেশে আসছেন। ২৩শে নভেম্বর তাঁর ঢাকায় পৌঁছানোর কথা, থাকবেন ৪ঠা ডিসেম্বর পর্যন্ত। ২০২৪ সালের ৫ই আগস্টের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তিনি খতিয়ে দেখবেন। ক্ষতিগ্রস্তদের পাশাপাশি এমন ঘটনায় মারা যাওয়া শিক্ষকদের পরিবারের সঙ্গেও কথা বলবেন। ইউনেস্কোর ঢাকা অফিস তাঁকে সহায়তা করবে। বাকি কর্মসূচি নভেম্বরের শুরুতে চূড়ান্ত হবে।
খবরটি জানিয়েছে মবের শিকার শিক্ষকদের সংগঠন ‘পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক জোট’। তাদের হিসাবে প্রায় সাড়ে চার হাজার শিক্ষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এঁদের মধ্যে অন্তত আটজন শারীরিক ও মানসিক আঘাতের পর মারা গেছেন, পাঁচ শতাধিক আহত বা অসুস্থ হয়েছেন। ৯৪০ জন শিক্ষক এখনও বেতন-ভাতা পাচ্ছেন না। সংগঠনের নেতাদের ভাষ্য, সরকার কয়েকটি নির্দেশনা দিলেও অধিকাংশ প্রতিষ্ঠান তা বাস্তবায়ন করেনি। ফলে দুই বছর ধরে অনেকে কর্মস্থলে ফিরতে পারছেন না।
আকাশসীমা থেকে আয়, বিমানের বহর
‘আকাশপথে কড়া নজর, বাড়ছে আয়’। নতুন রাডার ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থা চালুর পর বাংলাদেশের আকাশসীমায় উড়োজাহাজ শনাক্ত ও পর্যবেক্ষণের সক্ষমতা কয়েক গুণ বেড়েছে। কোন উড়োজাহাজ কতটা আকাশসীমা ব্যবহার করছে, তার নির্ভুল হিসাব এখন সহজে পাওয়া যায়। ফলে বিদেশি উড়োজাহাজের কাছ থেকে ওভারফ্লায়িং চার্জ আদায়ও বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ খাত থেকে আয় করেছে ৪১৬ কোটি ৯১ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি।
‘বহর বাড়ছে, সক্ষমতা কোথায়’। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এখন ১৯টি উড়োজাহাজ। এ বছর বোয়িংকে আরও ২৫টি কেনার আদেশ দেওয়া হয়েছে। বুধবার এয়ারবাসের আরও ১০টি কেনার চুক্তি হওয়ার কথা। ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ ভাড়া নেওয়ার পরিকল্পনাও আছে।
এই বিস্তারের জন্য প্রতিষ্ঠানটি কতটা প্রস্তুত। বর্তমান বহর চালাতেই যন্ত্রাংশ ও সরঞ্জামের সংকট দীর্ঘদিনের। প্রকৌশল ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে, আছে পাইলট সংকটও। প্রশিক্ষণের ঘাটতিও মাঝে মাঝে পরিচালনাগত জটিলতা তৈরি করে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে হারানো অংশীদারত্ব ফিরে পেতে বহর বাড়ানোর উদ্যোগ যথাযথ। তবে বহর নিরাপদ ও দক্ষভাবে চালানোর সক্ষমতা নিশ্চিত করা এবং ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনাও জরুরি।
মাদক পাচারের ২৯৬ রুট
‘১৮৭ উপজেলার ২৯৬ রুটে আসছে মাদক’। গত ১৩ই জুলাই রাজধানীর গাবতলীতে দুটি ব্যক্তিগত গাড়ি থেকে কোডিনযুক্ত ৫৫০ বোতল এস্কাফ ও তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এক চালককে আটক করা হয়। পুলিশের তদন্তে জানা যায়, চালানটি এসেছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সারা দেশে ২৯৬টি পাচার-রুট চিহ্নিত করেছে। এগুলো ৩৭ জেলার ১৮৭টি উপজেলায় ছড়ানো। অধিদপ্তরের তালিকা অনুযায়ী ৯২ উপজেলার ২১২টি রুট ব্যবহার করে ভারত থেকে হেরোইন, ফেনসিডিল, গাঁজা ও ট্যাপেন্টাডল ঢুকছে। এর সঙ্গে আসছে কোডিনযুক্ত নতুন ধরনের সিরাপ ও বিদেশি মদ।
এস কে চন্দন, ঢাকা 





















