ছোট ও বড়পর্দার দুই জনপ্রিয় মুখ মোশাররফ করিম ও জয়া আহসান। দেশের সীমানা পেরিয়ে ওপার বাংলার সিনেমাতেও নিয়মিত কাজ করছেন দুজন। অথচ একসঙ্গে পর্দায় তাঁদের দেখা মিলেছে খুবই কম। সেই না-হওয়া জুটির কথাই এবার নতুন করে তুললেন জয়া আহসান।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে সহশিল্পী মোশাররফ করিমের অকুণ্ঠ প্রশংসা করেছেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, ‘মোশাররফ করিম একজন ম্যাজিশিয়ান।’
শুধু প্রশংসাতেই থামেননি জয়া। ভবিষ্যতে এই অভিনেতার সঙ্গে কাজ করার ইচ্ছাও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘উনার সঙ্গে আমার সরাসরি অভিনয় খুব কম হয়েছে। আশা করি, পরিচালকরা আমার কথাগুলো শুনবেন। আমি চাই, উনার সঙ্গে আমার কাজ হোক, নিশ্চয়ই উনিও তাই চান। কিন্তু হয়ে ওঠেনি।’
মোশাররফ করিম যে তাঁর ভীষণ পছন্দের অভিনেতা, সে কথাও গোপন করেননি জয়া। একসঙ্গে করা একটি টেলিভিশন নাটকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা একসঙ্গে একটা টেলিভিশন নাটক করেছিলাম। সেটাই এখন সারাক্ষণ অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখি। মোশাররফ করিম ভীষণ গুণী অভিনেতা, উনি আমার ভীষণ পছন্দের।’
জয়ার উল্লেখ করা সেই নাটকটি ‘ঈদের ডায়েরি’। ২০১১ সালের ঈদুল ফিতরে এটি প্রচারিত হয়। নাটকটি পরিচালনা করেছিলেন ইশতিয়াক আহমেদ রুমেল। প্রচারের পর দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় এটি। নাটকটি এখনো ইউটিউবে দেখা যাচ্ছে। সেটি দেখে এখনো দুই শিল্পীর প্রশংসা করেন নেটিজেনরা।
বিনোদন ডেস্ক : 




















