বাংলাদেশের সামরিক বিমানে শেখ হাসিনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার। ভারতীয় কর্মকর্তাদের বরাতে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। একই প্রতিবেদনে জানানো হয়েছে, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর ক্ষেত্রে দিল্লির দুটি প্রধান শর্তের কথা।
চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এর মধ্যে বাংলাদেশের আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কয়েক মাস আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ডিসেম্বরেই দেশে ফিরবেন। প্রতিবেদন অনুযায়ী, তিনি এখনো সেই ঘোষণায় অনড়।
ঘোষণার পেছনে দিল্লির সম্মতি
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অনুমোদন ছাড়া হাসিনা এ ঘোষণা দেননি। অর্থাৎ বিষয়টিতে হাসিনা ও দিল্লি দুই পক্ষই একমত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দিল্লিতে হাসিনার উপস্থিতি ভারতের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে, এটি এখন আর গোপন নয়। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও ভারতকে শুনতে হচ্ছে, গণহত্যার অভিযোগে অভিযুক্ত একজনকে তারা দীর্ঘদিন আশ্রয় দিয়ে রেখেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর নানা চেষ্টা করেও ভারত সফল হয়নি। এখন দেশটি মনে করছে, হাসিনার দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াই বাস্তবসম্মত পথ।
বন্দি বিনিময় চুক্তি ও ভারতের অবস্থান
বাংলাদেশ দীর্ঘদিন ধরে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে হাসিনাকে ফেরত চেয়ে আসছে। তবে ভারতের পর্যবেক্ষকেরা বলছেন, হাসিনা ভারতের দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত বন্ধু। তাঁকে বন্দি হিসেবে বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না।
দুই শর্ত
ভারতীয় কর্মকর্তারা আভাস দিয়েছেন, হাসিনার ফেরার জন্য তাঁদের প্রধান শর্ত দুটি।
প্রথমত, তাঁকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে।
দ্বিতীয়ত, দেশে ফেরার পর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং ২০২৪ সালের জুলাইয়ের হত্যাকাণ্ডের অভিযোগে নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে।
এর বাইরে ফেরার পর হাসিনার নিরাপত্তার দায়িত্বও সেনাবাহিনী নিক, এটিই চায় ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, “আমরা কখনোই জেনেবুঝে হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না।” প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে।
বাধা কোথায়, তা নিয়ে ভিন্ন মত
ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য, হাসিনার ফেরার পথে বাধা অন্য জায়গায়। তাঁদের দাবি, মুখে হাসিনাকে ফেরত চাইলেও বাস্তবে ঢাকা চায় না তিনি ফিরুন। একজন ভারতীয় পর্যবেক্ষকের মতে, ঘটনাপ্রবাহ নাটকীয় মোড় না নিলে ডিসেম্বরে হাসিনার ফেরার সম্ভাবনা ক্ষীণ। ভারত যেভাবে চাইছে, সেভাবে তাঁকে ফেরানো কঠিন, এটি দিল্লি শুরু থেকেই জানে বলেও মন্তব্য করা হয়েছে।
সূত্র: বিবিসি বাংলা
চলমান বার্তা ডেস্ক : 



















