নোয়াখালী অঞ্চলের রেল যোগাযোগ ঢেলে সাজাতে প্রায় ৪০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর আওতায় লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসন করা হবে। বাড়ানো হবে বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্ম, হবে আনুষঙ্গিক অবকাঠামোর উন্নয়নও। একই সঙ্গে ঢাকা-নোয়াখালী রুটে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নামে নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় চৌমুহনী রেলস্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ পরিদর্শনে যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। সেখানে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। তাঁর সঙ্গে ছিলেন রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম ও নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
যাত্রীদের দুর্ভোগ ও নতুন প্ল্যাটফর্ম
সিনিয়র সচিব বলেন, নোয়াখালী ও চৌমুহনী অঞ্চলের স্টেশনগুলোর প্ল্যাটফর্ম ছোট হওয়ায় দীর্ঘদিন ধরে যাত্রীদের ওঠানামায় ভোগান্তি পোহাতে হচ্ছে। এর সমাধানে প্ল্যাটফর্মের উল্টো পাশে ৩০০ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া নতুন অংশ তৈরির কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে ১৬ কোচের একটি ট্রেনের যাত্রীরা একসঙ্গে নিরাপদে ওঠানামা করতে পারবেন।
এ ছাড়া প্ল্যাটফর্মের মেঝে পেভিং, অসম্পূর্ণ অ্যাকসেস কন্ট্রোল ব্যবস্থার কাজ শেষ করা এবং স্টেশন ভবন ও শেডের সৌন্দর্যবর্ধনের কথাও জানান তিনি। তাঁর ভাষ্য, বন্ধ থাকা ‘নোয়াখালী এক্সপ্রেস’ এবং নতুন বরাদ্দ পাওয়া আন্তঃনগর ‘সুবর্ণচর এক্সপ্রেস’ খুব শিগগিরই চালু করা হবে।
রেলপথ পুনর্বাসনের পরিকল্পনা
প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম জানান, লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত ৪৮ থেকে ৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসনে ৫ নভেম্বর প্রায় ৪০ কোটি টাকার একটি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে। এই প্যাকেজের আওতায় থাকছে:
ক্ষয়প্রাপ্ত রেলপাত ও স্টিল স্লিপার বদল
নতুন পাথর স্থাপন
ফিটিংস আধুনিকায়ন
ব্যাংক প্রটেকশন ওয়াল নির্মাণ
ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংয়ের মানোন্নয়ন
ইঞ্জিন-সংকট ও নতুন ট্রেনের ভবিষ্যৎ
নতুন ট্রেন চালুর প্রসঙ্গে প্রধান প্রকৌশলী বলেন, বর্তমানে মিটারগেজ লোকোমোটিভের কিছুটা সংকট রয়েছে। তবে চট্টগ্রাম-দোহাজারী প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ কেনার দরপত্র ডাকা হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এসব ইঞ্জিন ও নতুন কোচ রেলবহরে যুক্ত হলে চলমান ‘উপকূল এক্সপ্রেস’ আধুনিকায়ন করা যাবে। পাশাপাশি ‘সুবর্ণচর এক্সপ্রেস’ পুরোপুরি চালু করাও সম্ভব হবে বলে তিনি জানান।
চলমান বার্তা ডেস্ক : 



















