কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের বাড়িতে তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার ৩০ টাকা আসার ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একদিকে গ্রাহকের দাবি, বাড়িতে মাত্র একটি বাতি ও একটি ফ্যান ব্যবহারের পাশাপাশি ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া হয়। অন্যদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, পূর্বের বকেয়া বিল, বিচ্ছিন্ন সংযোগ এবং পরবর্তী সময়ে ব্যবহৃত বিদ্যুতের বিল মিলিয়েই এই অঙ্ক দাঁড়িয়েছে।
ভুক্তভোগী মো. ইউনুস আলী ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের বাসিন্দা। তিনি মৃত আফতাব আলীর ছেলে। দিনমজুরি করে সংসার চালানো ইউনুস আলীর সম্বল বলতে আড়াই শতক ভিটেমাটি। সেখানে ছয় সদস্যের পরিবার নিয়ে বসবাস করেন তিনি।
বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবর মাসে ৪২৯ ইউনিটের জন্য ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বর মাসে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। তিন মাসে মোট ১ হাজার ৩৯৮ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা।
ইউনুস আলীর দাবি, তাঁর বাড়িতে একটি বাতি ও একটি ফ্যান ছাড়া উল্লেখযোগ্য কোনো বৈদ্যুতিক সরঞ্জাম নেই। শুধু ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া হয়। সীমিত ব্যবহারের পরও এত বিপুল পরিমাণ ইউনিট কীভাবে খরচ হলো, তা তাঁর বোধগম্য নয়।
তিনি অভিযোগ করেন, অস্বাভাবিক বিল পাওয়ার পর একাধিকবার ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টি জানিয়েছেন। এজিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কাঙ্ক্ষিত সমাধান পাননি। বরং অফিসে গিয়ে দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।
তবে গ্রাহকের বিলের বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন পল্লী বিদ্যুৎ অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। তাঁর দাবি, ইউনুস আলীর নামে আগে থেকেই প্রায় ১৭ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল। বকেয়া পরিশোধ না করায় ২০২৬ সালের মার্চ মাসে তাঁর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর তিনি অফিসের মাধ্যমে পুনঃসংযোগ না নিয়ে নিজেই সংযোগ চালু করে মিশুক গাড়ি চার্জসহ বিদ্যুৎ ব্যবহার করছিলেন বলে অভিযোগ ওই কর্মকর্তার।
ওই কর্মকর্তা আরও বলেন, মিটার রিডার প্রতি মাসে তাঁকে বিল নিয়মিত করার জন্য তাগাদা দিয়েছেন। কিন্তু তিন মাস পার হওয়ার পর অফিস থেকে তাঁর নামে নোটিশ জারি করা হয় এবং মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মামলা না করার অনুরোধ জানিয়ে গ্রাহক অফিসে যোগাযোগ করেন। সে সময় আগের বকেয়া ও চলমান ব্যবহারের বিদ্যুৎ বিল মিলিয়ে মোট পাওনা ৪৭ হাজার টাকার বেশি হয়। গ্রাহক কিস্তিতে পরিশোধের আবেদন করলে তাৎক্ষণিক ২৪ হাজার টাকা জমা দিয়ে পুনঃসংযোগ বৈধ করেন। এরপর থেকে তিনি বিদ্যুৎ ব্যবহার করছেন।
এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল বা মিটার নিয়ে সমস্যা থাকলে তাঁকে অফিসে এসে অভিযোগ করতে হবে। তাঁরা প্রতি মাসে নিজেরাই ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করেন। কোনো মিটারে সমস্যা পাওয়া গেলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৫০ হাজার টাকার বিলের বিষয়ে তিনি বলেন, প্রকৃতপক্ষে বিল ৫০ হাজার টাকা হয়ে থাকলে গ্রাহককে তা পরিশোধ করতে হবে। তবে বিল প্রস্তুত বা মিটার রিডিংয়ে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।
এদিকে দিনমজুরি করে জীবিকা নির্বাহ করা ইউনুস আলীর পক্ষে একসঙ্গে এত টাকা পরিশোধ করা কঠিন। তবে কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, এ বিলের মধ্যে পূর্বের বকেয়া ও পরবর্তী সময়ে ব্যবহৃত বিদ্যুতের হিসাবও অন্তর্ভুক্ত রয়েছে।
এখন প্রশ্ন উঠেছে, ইউনুস আলীর বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত পরিমাণ কত এবং বিলের প্রতিটি খাতের হিসাব কতটা সঠিক? গ্রাহকের অভিযোগ ও কর্তৃপক্ষের বক্তব্যের নিরপেক্ষ যাচাইয়ের মাধ্যমে মিটার রিডিং, বকেয়া ও বিলের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হলে বিষয়টির প্রকৃত চিত্র স্পষ্ট হবে।
নুরুল আমিন, স্টাফ রিপোর্টার 
























