কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্ধারীঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য শহিদুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২১ নভেম্বর) তাঁকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থানার এফআইআর নং-১৭, তারিখ ২৩ অক্টোবর ২০২৪ এবং জিআর নং-২০৫-এর একটি মামলায় পেনাল কোড, ১৮৬০-এর ধারায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরকারবিরোধী পোস্ট দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শহিদুল ইসলাম উপজেলার খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতাবিরোধী বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নুরুল আমিন, স্টাফ রিপোর্টার 
























