যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে মোতায়েন করা সব বি-১ বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (৪ অক্টোবর) পেন্টাগন বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও বার্তাসংস্থার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
পেন্টাগনের এক কর্মকর্তা বিবৃতিতে বলেছেন, ফেয়ারফোর্ড ঘাঁটিতে থাকা মার্কিন বোমারু বিমানগুলো এখন যুক্তরাষ্ট্রে নিজ নিজ ঘাঁটিতে ফিরে গেছে। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে সামরিক সরঞ্জাম ও সেনা স্থানান্তরের বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি বলেও জানান তিনি।
ইরানে মার্কিন হামলার সময় এই ঘাঁটি ব্যবহার করা হয়েছিল।
দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের এই ঘাঁটিতে সম্প্রতি পুলিশ ডাকা হয়েছিল। স্থানীয় এক কৃষক কয়েকজনকে কয়েকটি যান নিয়ে সেখানে ‘সন্দেহজনক’ তৎপরতা চালাতে দেখে কর্তৃপক্ষকে খবর দেন। এর পরিপ্রেক্ষিতে ঘাঁটির আশপাশের ৮৫টি বাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ন্যাশনাল কাউন্টার টেররিজম পুলিশের প্রধান লরেন্স টেলর জানিয়েছেন, তদন্তে যানবাহনগুলোতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। তবে সেগুলো থেকে বিপুল পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয়েছে।
ঘটনার সূত্র ধরে লন্ডনের বাসিন্দা পাঁচ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাঁরা জামিনে মুক্তি পান। এ নিয়ে ওয়াশিংটন তীব্র সমালোচনা করেছে।
আন্তর্জাতিক ডেস্ক : 



















