যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা পদক্ষেপের আগে ইরানের দেওয়া ‘সাতটি শর্ত’ পূরণ করতে হবে। বিষয়টি আবারও স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। ওয়াশিংটনের প্রতি তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি জানিয়ে তিনি মার্কিন হুমকি ও অবমাননাকর বক্তব্যকে ‘আমেরিকানদের হতাশার বহিঃপ্রকাশ’ বলে অভিহিত করেছেন।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স নিউজের এক প্রতিবেদনে গালিবাফের এই বক্তব্য তুলে ধরা হয়েছে। আলজাজিরার খবরে এ তথ্য জানা গেছে।
গালিবাফ বলেন, ‘আমাদের অবস্থান আগের মতোই স্পষ্ট ও অপরিবর্তিত। ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ বা আলোচনা হবে না।’
শত্রুপক্ষকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, শত্রুর যেকোনো পদক্ষেপের চূড়ান্ত জবাব দিতে ইরান প্রস্তুত। শত্রু কোনো ভুল হিসাব করলে সংঘাতের ভৌগোলিক পরিধি বদলে দিতেও তারা প্রস্তুত বলে জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক ‘অর্থহীন মন্তব্য ও হুমকির’ জবাবে গালিবাফ এ কথা বলেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট জানিয়েছিলেন, ‘সাপের মাথা গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত’ তাঁর দপ্তর ইরানের অবৈধ আর্থিক নেটওয়ার্ক ভেঙে দেওয়ার অভিযান চালিয়ে যাবে।
গতকাল সোমবার (২৩ নভেম্বর) মার্কিন অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। ইরানের বৈশ্বিক ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক ধ্বংসের লক্ষ্যে দেশটির দুই ডজনেরও বেশি মানি এক্সচেঞ্জ হাউস, ফ্রন্ট কোম্পানি ও গুরুত্বপূর্ণ কর্মকর্তা এর আওতায় পড়েছেন।
ইরানের সাত শর্তের মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি তহবিল মুক্তি দেওয়া, সব ফ্রন্টে শত্রুতা ও হামলা বন্ধ করা এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্তির ঘোষণা।
সূত্র: আলজাজিরা
চলমান বার্তা ডেস্ক : 



















