ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে আসবেন, নাকি হেঁটে—সেই আলোচনা তাঁর সঙ্গে নয়, হবে ভারতের সঙ্গে। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাইলে সে বিষয়ে তাঁর সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই। বিষয়টি তিনি আবারও স্পষ্ট করে বলেন, হাসিনা আসবেন কি আসবেন না, এ নিয়ে কথা হবে ভারতের সঙ্গে।
শেখ হাসিনাকে দণ্ডিত অপরাধী উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, তিনি শুধু অভিযুক্ত নন, দণ্ডপ্রাপ্ত। বিচার প্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হয়ে তিনি শাস্তি পেয়েছেন। তাঁর ভাষায়, এটি কোনো প্রাথমিক অভিযোগ নয়। শেখ হাসিনা ও তাঁর সঙ্গীরা ভারতে অবস্থান করছেন বলেও জানান তিনি। উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, কোন বিমানে বা কীভাবে তাঁকে ফেরানো হবে, অর্থাৎ হস্তান্তর কীভাবে হবে, তা নিয়ে আলোচনা হবে ভারতের সঙ্গেই।
নিজের দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার বক্তব্যকে তথ্য উপদেষ্টা ‘রাজনৈতিক ধোঁয়াশা’ বলে আখ্যা দেন। তাঁর মতে, শেখ হাসিনা দেখাতে চাইছেন যে তাঁর সিদ্ধান্তেই অনেক কিছু ঘটছে। এটি আসলে রাজনৈতিক মহলের উদ্দেশে এক ধরনের ‘ব্লাফ’, যার মাধ্যমে তিনি নিজের দলের লোকজনকে বার্তা দিতে চাইছেন বলে মন্তব্য করেন উপদেষ্টা।
ভারতে থাকা আওয়ামী লীগ নেতাদের আপত্তিকর বক্তব্য এবং এ নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ জানিয়েছে কি না, তা তাঁর জানা নেই। তিনি বলেন, ভারতের গণমাধ্যম এক ধরনের স্বাধীন বিষয়। কিন্তু সরকারে থাকা ব্যক্তিরা এ ধরনের বক্তব্য দিলে তা বাংলাদেশের নজরে আসে। তাঁদের কাছ থেকে এমন বক্তব্য না আসুক, সেটাই প্রত্যাশা বলে জানান উপদেষ্টা।
দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আগে প্রায়ই শোনানো হতো যে বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। কথাটি ভারতের ক্ষেত্রেও সত্য। বাংলাদেশ যেমন প্রতিবেশী বদলাতে পারে না, ভারতও পারে না। তাই দুই দেশের ইতিবাচকভাবে সম্পৃক্ত হওয়া ছাড়া উপায় নেই। উপদেষ্টার মতে, এ ধরনের মন্তব্য সম্পর্ককে চাপে ফেলার সম্ভাবনা তৈরি করে।
নিজস্ব প্রতিবেদক 



















