মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি নিয়ে আশার আলো দেখাচ্ছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে এবং আগামী ছয় মাসে সম্পন্ন হবে।
রবিবার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মোট দুই লাখ কর্মী তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে মালয়েশিয়ায় যাবেন। এর বাইরে আরও দশ হাজার শ্রমিক একেবারে বিনা খরচে নেবে দেশটি।
তিনি বলেন, বাংলাদেশ থেকে যে জনশক্তি রপ্তানি হবে, তা সেপ্টেম্বরের শেষ ভাগ থেকে ধাপে ধাপে শুরু হবে এবং আগামী ছয় মাসের মধ্যে করবে বলে রাষ্ট্রদূত জানিয়েছেন।
মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন ধরে বাংলাদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। এর আগে বিভিন্ন সময় সিন্ডিকেট জটিলতা ও প্রক্রিয়াগত বিলম্বের কারণে এই বাজার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নতুন এই ঘোষণা সেই প্রেক্ষাপটে কর্মসংস্থান প্রত্যাশী লাখো তরুণের জন্য স্বস্তির বার্তা বলে মনে করা হচ্ছে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ওই দশ হাজার শ্রমিককে সম্পূর্ণ ফ্রিতে নেওয়া হবে, যাতে কোনো ধরনের ব্যয় বহন করতে হবে না।
সরকারি পর্যায়ে দুই দেশের মধ্যে এই সমঝোতা বাস্তবায়িত হলে তা কেবল বেকারত্ব হ্রাসে ভূমিকা রাখবে না, একই সঙ্গে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। আগামী কয়েক মাসের মধ্যে প্রক্রিয়াটি কার্যকরভাবে বাস্তবায়িত হয় কি না, তা নিয়ে নজর থাকবে সবার।
মালয়েশিয়ায় ফের খুলছে শ্রমবাজার, জিরো কস্টে যাচ্ছেন ১০ হাজার কর্মী
চলমান বার্তা ডেস্ক : 



















