উত্তরাঞ্চলের বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা জেলার দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সংকট ও কর্মসংস্থানের ঘাটতি দূর করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন সরকারের তিনজন মন্ত্রী। শনিবার (২৫ জুলাই) বগুড়ায় আয়োজিত এক সেমিনারে তারা এ আহ্বান জানান।
বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার উদ্যোগে “উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়” শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয় শহরের মমইন কনভেনশন সেন্টারে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে পরিকল্পিত উন্নয়ন থেকে পিছিয়ে ছিল। এখন আর এই অবহেলার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জানান, বগুড়াসহ পাঁচ জেলার জন্য একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, যেখানে শিল্পায়ন, কৃষিভিত্তিক শিল্প, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, পাশাপাশি সারাদেশে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের কাজও এগিয়ে চলছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছাড়া শিল্পায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি, এবং উত্তরাঞ্চলে নতুন শিল্পকারখানা ও বিনিয়োগ আকৃষ্ট করতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নকে অপরিহার্য বলে উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উত্তরাঞ্চলের পাঁচ জেলা দীর্ঘদিন উন্নয়ন ঘাটতির মধ্যে থাকলেও এখন সরকার এসব জেলার চাহিদা পূরণে পরিকল্পিতভাবে কাজ করছে। সুষম উন্নয়নের মাধ্যমে দেশের সব অঞ্চলের মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং দেশের অঞ্চলগুলোর মধ্যে উন্নয়ন বৈষম্য কমিয়ে আনাই এখন মূল লক্ষ্য।
সেমিনারে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি জানান। তার মতে, উত্তরাঞ্চলের প্রশাসনিক ও অর্থনৈতিক কার্যক্রম গতিশীল করতে এটি প্রয়োজন।
বক্তারা আরও বলেন, কৃষি, খাদ্য উৎপাদন, মৎস্য, ক্ষুদ্র ও কুটির শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতে উত্তরাঞ্চলের ব্যাপক সম্ভাবনা রয়েছে, যা কাজে লাগাতে শিল্পায়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, বিনিয়োগবান্ধব পরিবেশ ও দক্ষ মানবসম্পদ তৈরির ওপর জোর দিতে হবে।
বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিভিন্ন জেলার সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ জন অধ্যাপক ও গবেষক উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন সেমিনারে।
চলমান বার্তা ডেস্ক : 

























