শনিবার রাতের ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে বেজে উঠেছিল উৎসবের সুর। ঘরের মাঠে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের হয়ে নামা অ্যালেক্স ফ্রিম্যান ও জাস্টিন এলিসের জন্য দর্শকদের করতালি ছিল সবচেয়ে জোরালো। তবে সেই উচ্ছ্বাসকেও ছাপিয়ে গিয়েছিল এক নতুন নামের প্রতি আগ্রহ—ষোলো বছর বয়সী উদীয়মান প্রতিভা কাভান সুলিভান। মাঠে নামা মাত্রই সবার দৃষ্টি আটকে যায় তরুণ এই খেলোয়াড়ের ওপর।
পেরুর বিপক্ষে ৪-১ গোলের বড় জয়ে যুক্তরাষ্ট্র যেমন মাঠের লড়াইয়ে আধিপত্য দেখিয়েছে, তেমনি এই ম্যাচ ইতিহাসেও জায়গা করে নিয়েছে ভিন্ন এক কারণে। ১৬ বছর ৩৬২ দিন বয়সে শুরুর একাদশে নেমে যুক্তরাষ্ট্র জাতীয় দলের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে সুলিভানের। তার সামনে এখনো আছেন কেবল ফ্রেডি আদু, যিনি ২০০৬ সালে ১৬ বছর ২৩৪ দিন বয়সে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।
৬২ মিনিট মাঠে থেকে গোল বা অ্যাসিস্ট—কোনোটিই নিজের নামের পাশে লেখাতে পারেননি সুলিভান। তবে তার খেলায় স্পষ্ট ছিল এক ধরনের পরিণত আত্মবিশ্বাস, যা বলে দেয় সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য তিনি প্রস্তুত। একাধিকবার পেরুর রক্ষণভাগকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি, যদিও কিছুটা বাড়তি আগ্রাসন দেখাতে গিয়ে পেরুর গোলরক্ষক পেদ্রো গায়েসেকে ফাউল করার দায়ে হলুদ কার্ডও দেখতে হয়েছে তাকে।
নিজের অভিষেক রাতকে স্মরণীয় করতে না পারলেও, বাকি তরুণেরা কিন্তু সুযোগ হাতছাড়া করেননি। ঘরের দর্শকদের সামনে খেলতে নেমে ম্যাচের চতুর্থ মিনিটেই জালের দেখা পান এলিস। এরপর ১৭ বছর বয়সী উইঙ্গার ম্যাথিস অ্যালবার্টের আদায় করা পেনাল্টি থেকে গোল করেন মালিক তিলম্যান। খানিক পর ১৮ বছর বয়সী জুলিয়ান হল সেবাস্তিয়ান বেরহাল্টারের নিখুঁত ক্রস থেকে দর্শনীয় এক গোলে ব্যবধান দাঁড় করান ৩-১। ম্যাচের শেষ পেরেকটি ঠোকেন বেরহাল্টার নিজেই—দূরপাল্লার এক অসাধারণ কার্লিং শটে যোগ করেন দলের চতুর্থ গোল।
প্রথমার্ধে একটি দৃষ্টিকটু গোল হজম করতে হয় যুক্তরাষ্ট্রকে, আর পেরুর তৈরি করা কয়েকটি সুযোগ নিশ্চিতভাবেই স্বস্তিতে রাখেনি কোচ মাউরিসিও পচেত্তিনোকে। তবে এগারোজন খেলোয়াড়ের অভিষেক এবং আটজন কিশোরকে নিয়ে গড়া এই দলের জন্য খুঁতের চেয়ে ইতিবাচক দিকই ছিল অনেক বেশি। আগামী দিনের পথচলার জন্য এই ম্যাচ পচেত্তিনোর দলকে দিয়েছে নতুন আত্মবিশ্বাস, আর সেই ভিত আরও মজবুত করার সুযোগও থাকছে—এই আন্তর্জাতিক উইন্ডোতেই যুক্তরাষ্ট্রের সামনে বাকি আছে আরও তিনটি ম্যাচ।
চলমান বার্তা ডেস্ক : 



















