ছোট-বড় ১৬টি নদ-নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলা। একসময় এসব নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ধরা পড়ত সুস্বাদু বৈরালি মাছ। স্থানীয় মানুষের কাছে মাছটির কদর ছিল আলাদা। স্বাদে অতুলনীয় হওয়ায় এখনো বাজারে রয়েছে এর ব্যাপক চাহিদা। আকারভেদে প্রতি কেজি বৈরালি বিক্রি হচ্ছে ৪০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কমছে মাছটির প্রাপ্যতা। একসময় তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদে প্রচুর বৈরালি পাওয়া গেলেও এখন আগের সেই দৃশ্য আর চোখে পড়ে না।
নদীর পানিপ্রবাহ কমে যাওয়া, নাব্যতা সংকট, দূষণ, আবাসস্থলের পরিবর্তন এবং ক্ষতিকর পদ্ধতিতে মাছ শিকারের কারণে বৈরালির স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে উদ্বেগ বাড়ছে পেশাদার জেলে, নদীপাড়ের বাসিন্দা ও মাছপ্রেমীদের মধ্যে।
*নদীর বুকে হারিয়ে যাচ্ছে শৈশবের স্মৃতি*
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের সামাদের ঘাট এলাকার ৮০ বছর বয়সী জেলে মো. আক্কাছ মিয়ার জীবনের দীর্ঘ সময় কেটেছে নদীতে মাছ ধরে। দুধকুমার নদের স্রোত, মাছের বিচরণ আর নদীর পরিবর্তন তিনি দেখেছেন খুব কাছ থেকে। তাঁর স্মৃতিতে এখনো ভাসে বৈরালির ঝাঁক।
আক্কাছ মিয়া বলেন, “একসময় দুধকুমার নদে ঝাঁকে ঝাঁকে বৈরালি ধরা পড়ত। নদীতে জাল ফেললেই বৈরালি পাওয়া ছিল স্বাভাবিক ঘটনা। এখন আর সেই দিন নেই। নদীতে পানি নেই, সব মাছ ভাটিতে চলে গেছে।”
শুধু দুধকুমার নয়, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদেও আগের তুলনায় বৈরালির দেখা মিলছে কম। ফলে মাছটি ধরাকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করা জেলেদের আয়েও পড়ছে প্রভাব।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ব্যাপারীপাড়া গ্রামের ৬৫ বছর বয়সী জেলে ক্ষিতীশ দাস দীর্ঘদিন ধরে তিস্তা ও ব্রহ্মপুত্র নদে মাছ ধরছেন। তাঁর কাছে বৈরালি মাছ বাড়তি আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস।
তিনি বলেন, “এমনিতেই নদীতে পানি নেই। তার ওপর কারেন্ট জাল ও বিদ্যুতের শক দিয়ে মাছ ধরার কারণে বড় মাছের সঙ্গে ছোট পোনাও মারা যাচ্ছে। এই পোনাগুলো বড় হয়েই বৈরালি মাছ হতো। এভাবে মাছ ধরা বন্ধ না হলে একসময় নদী থেকে মাছ উধাও হয়ে যাবে।”
উলিপুর উপজেলার হাতিয়া জেলেপাড়ার মন্তস দাস, শুকরু দাস ও গজন দাসসহ কয়েকজন জেলে জানান, দিনের বেলায় বৈরালি সাধারণত গভীর পানিতে থাকে। বিকেল থেকে সন্ধ্যা কিংবা রাতে নদীর কিনারার ওপরের স্তরে চলে আসে। এ সময় ছোট ফাঁসের জালে মাছটি বেশি ধরা পড়ে। ভোররাতেও বৈরালির দেখা মেলে।
*কেন কমছে বৈরালি?*
বৈরালির বৈজ্ঞানিক নাম Barilius barila। এটি সাইপ্রিনিডি পরিবারের স্বাদুপানির মাছ। সাধারণত পাহাড়ি ঝরনা, পাহাড়ের পাদদেশের অগভীর নদী এবং স্বচ্ছ ও স্রোতযুক্ত পানিতে এ মাছের বসবাস। দেহ লম্বাটে ও সরু। স্বাদ ও পুষ্টিগুণের কারণে মাছটির রয়েছে বিশেষ চাহিদা।
স্থানীয় জেলেদের ভাষ্য, নদীর স্বাভাবিক প্রবাহে পরিবর্তন, পানিদূষণ, পলি জমে তলদেশের প্রকৃতি বদলে যাওয়া এবং ক্ষতিকর জালের ব্যবহার বৈরালির আবাসস্থল ও প্রজননে বিরূপ প্রভাব ফেলছে। পানির স্বচ্ছতা ও স্রোত কমে যাওয়ায় মাছটি আগের আবাসস্থল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের প্রভাষক মো. আহসানুল হক বলেন, “কুড়িগ্রাম জেলার ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে আগের তুলনায় বৈরালির প্রাপ্যতা কমেছে। মাছটির স্বাভাবিক প্রজননের জন্য পানির স্বচ্ছতা ও স্রোত জরুরি। কিন্তু নদীর নাব্যতা সংকট, ভরাট ও দূষণের কারণে মাছটি আবাসস্থল পরিবর্তন করছে। পাশাপাশি স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ায় আগের মতো বৈরালি পাওয়া যাচ্ছে না।”
তিনি আরও বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদ থেকে বৈরালির পুষ্টিগুণ ঋতুভেদে পরিবর্তিত হয় কি না, তা নিয়ে গবেষণা শুরু হয়েছে। স্থায়ী ক্যাম্পাস না থাকায় গবেষণায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে কুড়িগ্রাম ও লালমনিরহাটের নদ-নদী এবং মৎস্যসম্পদ নিয়ে কাজ চলছে।
*কৃত্রিম প্রজননে নতুন আশার আলো*
প্রাকৃতিক নদ-নদীতে বৈরালির প্রাপ্যতা কমলেও কৃত্রিম প্রজনন ও চাষের মাধ্যমে মাছটির উৎপাদন বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
২০১৮ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত রংপুর ও নীলফামারী অঞ্চলের তিস্তা নদীতে পরিচালিত এক গবেষণায় ১৭টি পরিবার ও ১০টি বর্গের অন্তর্ভুক্ত মোট ৪৫ প্রজাতির মাছের সন্ধান পান গবেষকেরা।
পরবর্তী সময়ে ২০২১ সালের ডিসেম্বরে সৈয়দপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের স্বাদুপানি উপকেন্দ্রের বিজ্ঞানীরা বৈরালির কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবনের কথা জানান। এরপর ২০২২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত রংপুর বিভাগের ছয়টি উপজেলার মৌসুমি পুকুরে মাছটির মিশ্র চাষের সম্ভাবনা যাচাই করা হয়। গবেষণায় প্রতি শতক পুকুরে ৬০০টি পোনা অবমুক্ত করে ১৫০ দিনে বৈরালির গড় ওজন পাওয়া যায় ১৬ দশমিক ৪ গ্রাম।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখাঁন এলাকার মৎস্যচাষি মো. সফিকুল ইসলাম বলেন, “কৃত্রিম প্রজননের মাধ্যমে বৈরালি মাছের চাষ সম্প্রসারণ করা গেলে অনেক মৎস্যচাষি এ মাছ চাষে আগ্রহী হবেন। এতে বাজারের চাহিদা পূরণের পাশাপাশি চাষিরাও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন।”
*প্রয়োজন নদী রক্ষা ও কার্যকর উদ্যোগ*
সংশ্লিষ্টদের মতে, শুধু কৃত্রিম প্রজনন ও চাষ সম্প্রসারণ করলেই বৈরালির সংকট পুরোপুরি কাটবে না। মাছটির প্রাকৃতিক আবাসস্থল রক্ষা, নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখা, দূষণ নিয়ন্ত্রণ এবং ক্ষতিকর জাল ও অবৈধ পদ্ধতিতে মাছ শিকার বন্ধ করা জরুরি।
একই সঙ্গে বৈরালির প্রজনন মৌসুম ও বিচরণক্ষেত্র চিহ্নিত করে প্রয়োজনীয় সংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ, গবেষণার পরিধি বাড়ানো এবং চাষিদের জন্য কারিগরি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
একসময় যে নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে বৈরালি ধরা পড়ত, সেই নদীতে এখন মাছটির দেখা পাওয়াই কঠিন হয়ে উঠছে। প্রবীণ জেলেদের স্মৃতিতে রয়ে গেছে বৈরালির প্রাচুর্যের গল্প। এখন প্রশ্ন—নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনে এই সুস্বাদু মাছকে কি আবারও আগের অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব? সময়মতো কার্যকর উদ্যোগ না নিলে কুড়িগ্রামের নদ-নদী থেকে বৈরালি একদিন শুধু স্মৃতির পাতায় জায়গা করে নিতে পারে।
নুরুল আমিন, স্টাফ রিপোর্টার 
























