লিবিয়া ও বাল্টিক সাগরে রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনায় কিয়েভকে কড়া হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার বক্তব্য, এসব হামলার জবাবে ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ চলতেই থাকবে।
স্থানীয় সময় সোমবার (২৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিষয়টি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখছে। বিস্তারিত তথ্য জানানো প্রয়োজন মনে করলে মন্ত্রণালয়ই তা জানাবে। পেসকভের দাবি, রুশ সেনারা প্রতিদিন ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে বড় পরিসরে সমন্বিত হামলা চালাচ্ছে। তার ভাষায়, এসব হামলা ‘কিয়েভ সরকারের জন্য অত্যন্ত বেদনাদায়ক পরিণতি’ ডেকে আনছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রোববার (২২ নভেম্বর) লিবিয়ার বেনগাজির একটি নৌঘাঁটিতে রুশ করভেট যুদ্ধজাহাজ ‘মেরকুরি’ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনের বাহিনী। একই সঙ্গে রাশিয়ার অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকার জাতিসংঘে অভিযোগ করেছে, এসব হামলায় দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। পশ্চিম লিবিয়ায় ইউক্রেনের সামরিক সদস্যদের উপস্থিতির খবরেরও আন্তর্জাতিক তদন্ত চেয়েছে তারা।
এর আগে শনিবার (২১ নভেম্বর) বাল্টিক সাগরের আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার কালিনিনগ্রাদগামী ‘স্পার্টা-২’ জাহাজে ড্রোন হামলায় আগুন ধরে যায়। ফিনল্যান্ডের সামরিক বাহিনীর ধারণা, ইউক্রেন এ হামলা চালিয়ে থাকতে পারে। পেসকভ ঘটনাটিকে ‘অত্যন্ত বিপজ্জনক প্রবণতা’ বলে অভিহিত করেন। তার মতে, এতে ওই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। বাল্টিক দেশগুলো কিয়েভকে এ ধরনের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বন্ধে চাপ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রেক্ষাপট
মস্কোর ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজও ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া এসব জাহাজ ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।
লিথুয়ানিয়া ও পোল্যান্ডের মাঝখানে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। ২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা অনুযায়ী লিথুয়ানিয়া রাশিয়া থেকে কালিনিনগ্রাদে নির্মাণসামগ্রীসহ বিভিন্ন পণ্যের ট্রানজিট সীমিত করে। ফলে অঞ্চলটি সমুদ্রপথে পণ্য সরবরাহের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ে।
সোমবার রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন জানান, কালিনিনগ্রাদে পণ্য পরিবহন সচল রাখতে দুটি রেল ফেরি কিনতে ৪৭ বিলিয়ন রুবল (৫৭৬ মিলিয়ন ডলার) ব্যয় করবে মস্কো। ২০৩০ সাল থেকে উস্ত-লুগা ও বালতিস্ক বন্দরের মধ্যে ফেরি দুটি চলাচল শুরু করার কথা। ব্যয়ের অধিকাংশ মেটানো হবে রাশিয়ার জরুরি তহবিল থেকে।
একই দিন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ আবারও পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দেন। এক নিবন্ধে তিনি লেখেন, আত্মরক্ষার জন্য রাশিয়ার হাতে থাকা সব উপায় ব্যবহারের অধিকার রয়েছে। তার মন্তব্য, কিছু পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করাও দেশটির দায়িত্বের মধ্যে পড়তে পারে।
সূত্র: আল জাজিরা
চলমান বার্তা ডেস্ক : 



















