নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি সেখানে মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী। সাড়ে ১১টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি দ্বীপে অবতরণ করে। বিকেল ৪টায় মহড়াস্থল ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’। এই মহড়ায় অংশ নিয়েছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
চূড়ান্ত অনুশীলন দেখার পাশাপাশি প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন। অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রমও তিনি পর্যবেক্ষণ করেন।
দ্বীপটির পরিচয়
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চালিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত এক যুগেরও বেশি সময়ে দ্বীপটিতে সেনাবাহিনীর নানা সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও হয়েছে। তবে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস ও বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট এবারই প্রথম একসঙ্গে এ ধরনের মহড়ায় অংশ নিল।
সূত্র: বাসস
চলমান বার্তা ডেস্ক : 



















