অর্থনীতিতে আস্থা কমে গেলে তার প্রথম প্রতিফলন দেখা যায় বিনিয়োগে। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিও অনেকটা তেমন। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি তিন দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, নতুন বিনিয়োগ থমকে যাচ্ছে, শিল্প খাতে উৎপাদন সক্ষমতার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না। এসব লক্ষণ অর্থনীতির জন্য মোটেই স্বস্তিদায়ক নয়।
বিনিয়োগ কমে যাওয়ার অর্থ শুধু নতুন কারখানা না হওয়া নয়; এর অর্থ নতুন কর্মসংস্থান না সৃষ্টি হওয়া, উৎপাদন না বাড়া এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তি দুর্বল হয়ে পড়া। ইতোমধ্যে বেকারত্বের চাপ বাড়ছে, শিল্প খাত নানা সংকটে রয়েছে এবং অনেক প্রতিষ্ঠান টিকে থাকার লড়াই করছে। এমন পরিস্থিতিতে উদ্যোক্তারা স্বাভাবিকভাবেই ঝুঁকি নিতে অনাগ্রহী হয়ে পড়ছেন। উদ্যোক্তাদের অভিযোগও নতুন নয়। একটি নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে অনুমোদনের জন্য বিভিন্ন দপ্তরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আমলাতান্ত্রিক জটিলতা, ঘন ঘন নীতি পরিবর্তন, উচ্চ সুদহার এবং সেবাপ্রাপ্তিতে হয়রানি বিনিয়োগের পরিবেশকে অনিশ্চিত করে তুলেছে। কোনো প্রকল্প অনুমোদন পেতেই যদি কয়েক বছর লেগে যায়, তাহলে অনেক বিনিয়োগকারী আগ্রহ হারাবেন, এটাই স্বাভাবিক।
পরিস্থিতির প্রভাব ইতোমধ্যেই বিভিন্ন খাতে পড়তে শুরু করেছে। তৈরি পোশাক, আবাসন, চামড়া, সিরামিক, প্লাস্টিক ও হোম টেক্সটাইল খাতেও বিনিয়োগের গতি কমেছে। বিশেষ করে আবাসন খাতের স্থবিরতা আরও উদ্বেগজনক, কারণ এর সঙ্গে অসংখ্য শিল্প ও কর্মসংস্থান জড়িত। ফলে এক খাতের মন্দা ধীরে ধীরে পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ না থাকলে পুঁজি বিদেশমুখী হতে পারে। এটি শুধু বিনিয়োগের ক্ষতি নয়, অর্থনীতির প্রতি আস্থার সংকটেরও ইঙ্গিত দেয়।
আমরা মনে করি, বিনিয়োগে গতি ফেরানো বর্তমানে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। ঋণের সুদহার সহনীয় পর্যায়ে আনা, প্রশাসনিক জটিলতা কমানো, সেবাখাতে অটোমেশন বৃদ্ধি, করনীতিতে স্থিতিশীলতা এবং দুর্নীতি নিয়ন্ত্রণ ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। অর্থনীতি শেষ পর্যন্ত আস্থার ওপরই দাঁড়িয়ে থাকে। সেই আস্থা ফিরিয়ে আনতে না পারলে বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রবৃদ্ধি সবই চাপের মুখে পড়বে।
চলমান বার্তা ডেস্ক : 



















