অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে বাংলাদেশসহ ১৬টি বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে চালানো তদন্তের ফল শিগগির প্রকাশ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সেই তদন্তের ভিত্তিতে বিভিন্ন পণ্যে নতুন আমদানি শুল্কের প্রস্তাব আসতে পারে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বিষয়টির সঙ্গে যুক্ত তিনজনের বরাতে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে রয়টার্স জানায়, তদন্তের ফল বিকেলেই প্রকাশিত হতে পারে। এরপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর ইউএসটিআর নতুন শুল্কের প্রস্তাব দেবে। এই শুল্ক যুক্ত হবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে আরোপ করা শুল্কের সঙ্গে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আগের শুল্ক বাতিল করেছিল। নতুন শুল্ক আরোপের উদ্যোগ সেই শুল্কের বিকল্প হিসেবে নেওয়া হচ্ছে। তবে সব দেশের জন্য হার এক হবে না। ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্কের যে সীমা আগের বাণিজ্য চুক্তিতে ঠিক হয়েছিল, ওয়াশিংটন তা বহাল রাখতে পারে।
কোন কোন দেশ তদন্তের আওতায়
১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার আওতায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্য অংশীদারদের অধিকাংশের বিরুদ্ধে তদন্ত করছে ইউএসটিআর। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার প্রমাণ পাওয়ার দাবি তুলেই এ তদন্ত শুরু হয়। তালিকায় আছে বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।
কত হতে পারে শুল্কের হার
সাবেক মার্কিন বাণিজ্য কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, তদন্ত প্রতিবেদনে দেশভেদে আলাদা শুল্কের সুপারিশ থাকতে পারে। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা আছে বলে বিবেচিত দেশগুলোর পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব আসতে পারে বলে তিনি মনে করেন। এটি তাঁর অনুমান, সরকারিভাবে ঘোষিত কোনো হার নয়।
চীনের বিরুদ্ধে অভিযোগ
যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার কারণে ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি সরঞ্জাম ও সৌরবিদ্যুৎ পণ্যসহ নানা পণ্য বিশ্ববাজারে প্রয়োজনের চেয়ে বেশি সরবরাহ হচ্ছে। চীন এ অভিযোগ মানেনি। দেশটির বক্তব্য, তাদের রপ্তানি প্রতিযোগিতামূলক সক্ষমতারই প্রতিফলন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে চীনা বিনিয়োগও তদন্তের আওতায় এসেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ওই দেশগুলোতে পণ্য উৎপাদন করে আগের মার্কিন শুল্ক এড়ানোর চেষ্টা করছে চীনা প্রতিষ্ঠানগুলো।
দেশের ভেতরে প্রভাব
ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের এক জনমত জরিপে ৬২ শতাংশ উত্তরদাতা জানান, এসব শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে তাঁরা সমর্থন করবেন।
সূত্র: রয়টার্স
চলমান বার্তা ডেস্ক : 



















