ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিজের বাসা ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
বুধবার ওই প্রতিবেদনের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল। তাদের তথ্যমতে, মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার চেষ্টা সম্প্রতি জোরদার করেছে ইরান।
এ নিয়ে গত মাসে সতর্কবার্তা দিয়েছিলেন ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা। সেই বার্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্র তেহরানের পক্ষ থেকে ‘উন্নত পর্যায়ে’ পৌঁছেছে।
তবে বেসেন্টের বিরুদ্ধে হুমকিটি ঠিক কতটা গুরুতর, তা স্পষ্ট নয় বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। সামরিক ঘাঁটিতে তাঁর আশ্রয় নেওয়ার বিষয়ে জানতে চাইলে মার্কিন অর্থ মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি।
ইরানের অবস্থান
যুক্তরাষ্ট্রের মাটিতে কর্মকর্তা ও সাধারণ মানুষকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আগেই অস্বীকার করেছে ইরান। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের ভূখণ্ডে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের এখন সীমিত বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা।
প্রেক্ষাপট
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরপরই দেশটির ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ শুরু হয়। সেই পদক্ষেপের কেন্দ্রে ছিলেন স্কট বেসেন্ট।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, টাইমস অব ইসরায়েল, রয়টার্স
আন্তর্জাতিক ডেস্ক : 





















