পাবনা সদর উপজেলার দোগাছী বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে। আগুনে কক্ষের ভেতরে থাকা কিছু ফাইলপত্র পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান জানান, দোগাছী বাজারের একটি ভাড়া বাসায় ব্যাংকের শাখার কার্যক্রম চলে। রাত ১২টার পর দুর্বৃত্তরা ব্যাংকের সামনের অংশ ও কক্ষের জানালা লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে। এতে কক্ষের ভেতরে আগুন ধরে যায়।
তিনি বলেন, ঘটনার সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী বিষয়টি টের পেয়ে চিৎকার করে ওঠেন। সেই চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। এজিএম আসাদুজ্জামানের ভাষ্য, আগুনে তেমন কোনো ক্ষতি হয়নি।
এদিকে স্থানীয় একটি সূত্রের তথ্য অনুযায়ী, পেট্রলবোমা নিক্ষেপের সময় সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। তবে এ বিষয়ে পুলিশ বা ব্যাংক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।
চলমান বার্তা ডেস্ক : 




















