যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ ঘণ্টার উড়োজাহাজ চলাচল বিপর্যয়ের পেছনে একটি রাউটারের ত্রুটি দায়ী হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাউটারটি স্থাপন করেছিল সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রি হ্যারিস। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) ঘটা ওই বিপর্যয়ে ২০ হাজারের বেশি ফ্লাইটের চলাচল ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) কর্মকর্তারা জানান, পুরোনো টেলিযোগাযোগ ব্যবস্থা থেকে আধুনিক ফাইবার-অপটিক নেটওয়ার্কে যাওয়ার কাজের সময় সমস্যাটি দেখা দেয়। এতে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার পুরোনো অবকাঠামো এবং সেটি সচল রেখে নতুন প্রযুক্তি চালুর জটিলতা আবার সামনে এসেছে।
কর্তৃপক্ষ যা বলছে
পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, শুক্রবার এলথ্রি হ্যারিসের কর্মীরা অন্তত একটি দূরবর্তী স্থাপনায় পুরোনো তামার তারের বদলে ফাইবার-অপটিক সংযোগ চালুর নিয়মিত রক্ষণাবেক্ষণকাজ করছিলেন। কর্মকর্তাদের ধারণা, আরকানসাস ও টেক্সাসে স্থাপন করা রাউটারগুলোতে সমস্যা হয়ে থাকতে পারে।
ডাফির ভাষ্য অনুযায়ী, নতুন রাউটারগুলো প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে এক হাজারের বেশি সংযোগের চেষ্টা করছিল। এতে অন্য রাউটারগুলোর ওপর বাড়তি চাপ পড়ে। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ সংস্থা (এফএএ)-র ২২টি এন রুট সেন্টারের মধ্যে ১৭টিতে যোগাযোগব্যবস্থায় অস্থিরতা দেখা দেয়। ফলে উড়োজাহাজ ও রাডারের সঙ্গে তথ্য আদান-প্রদানে সমস্যা হয়।
এফএএ জানায়, যোগাযোগব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়নি, তবে বিভিন্ন কেন্দ্রে তথ্যের স্থিতিশীলতা নষ্ট হয়েছিল। কোনো নিয়ন্ত্রণকেন্দ্র অচল হয়নি। ডাফি আরও জানান, যেসব রাউটার বদলানো হচ্ছিল, সেগুলো প্রায় ২৫ বছরের পুরোনো এবং ২০০৬ সালেই সেগুলো বদলে ফেলার কথা ছিল। এফএএর একটি ব্যবস্থা পরিস্থিতি সামাল দিতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
এলথ্রি হ্যারিস জানিয়েছে, তারা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে এবং কারণ অনুসন্ধানে এফএএকে সহযোগিতা করছে। প্রতিষ্ঠানটির দাবি, পুরোনো তামার তারের ব্যবস্থা থেকে ফাইবার-অপটিকে রূপান্তরের পরিকল্পিত কাজের ৭০ শতাংশের বেশি ইতোমধ্যে শেষ হয়েছে।
যা এখনও নিশ্চিত নয়
সমস্যাটি ব্যবহারকারীর ভুল, স্থাপনকারীর ভুল, নাকি ত্রুটিপূর্ণ রাউটার স্থাপনের কারণে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ডাফি।
প্রেক্ষাপট
এর আগেও যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় ছোট ত্রুটি থেকে বড় বিপর্যয় ঘটেছে। ২০২৩ সালে এক সরকারি ঠিকাদারের ভুলে গুরুত্বপূর্ণ ফাইল মুছে গেলে দেশজুড়ে ৯০ মিনিট বিমান চলাচল স্থগিত ছিল। তাতে প্রায় ১১ হাজার ফ্লাইট ব্যাহত হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর সেটিই ছিল প্রথম দেশব্যাপী বিমান চলাচল স্থগিতের ঘটনা। গত সেপ্টেম্বরে ফিলাডেলফিয়ার একটি নিয়ন্ত্রণকেন্দ্রে সার্কিটের ত্রুটি এবং নিউ জার্সিতে নির্মাণকাজের সময় ফাইবার-অপটিক তার কেটে যাওয়ায় উত্তর-পূর্বাঞ্চলে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছিল।
শুক্রবারের বিপর্যয় ঘটে সপ্তাহান্তের ভ্রমণ মৌসুমে যাত্রীচাপ বাড়তে শুরু করার সময়। ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে ছোট নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে রক্ষণাবেক্ষণ কাজের সময় নতুন করে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ডাফি।
এফএএর পুরোনো ব্যবস্থা আধুনিকায়নে কংগ্রেস ১২.৫ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। এ খাতে আরও ৫০ বিলিয়ন ডলার চেয়েছেন ডাফি। গত সপ্তাহেই এফএএ জানিয়েছে, ২০২৮ সালের শেষ নাগাদ ৪০০টির বেশি নিয়ন্ত্রণকেন্দ্রে আবহাওয়াসহ গুরুত্বপূর্ণ তথ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত পুরোনো ফ্লপি ডিস্ক বদলানো হবে। সংস্থাটি এখনও কয়েক দশক পুরোনো কমপ্যাক কম্পিউটার এবং ইবে থেকে কেনা যন্ত্রাংশের ওপর নির্ভরশীল।
সূত্র: রয়টার্স
চলমান বার্তা ডেস্ক : 




















