এশিয়া কাপ আর্চারিতে আরও একটি সোনা জিতল বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে শিরোপা ঘরে তুলেছেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি। বৃহস্পতিবার ইরাকের সোলাইমানিয়াহতে ফাইনালটি অনুষ্ঠিত হয়।
শুরুটা অবশ্য ভালো ছিল না। প্রথম সেটে ৫০-৫৩ পয়েন্টে হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশ। কিন্তু সেখান থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় আলিফ-সাগর-রাফির দল। পরের তিন সেটেই জয় তুলে নেন তাঁরা। দ্বিতীয় সেটে ৫৫-৫৪, তৃতীয় সেটে ৫৫-৫২ এবং চতুর্থ সেটে ৫২-৫১ পয়েন্টে জিতে নিশ্চিত হয় সোনার পদক।
ফাইনালে ওঠার পথটিও ছিল মসৃণ। সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ। সরাসরি এলিমিনেশন রাউন্ডে খেলার সুযোগ পাওয়ায় শিরোপার লড়াইয়ে ওঠার পথে বাড়তি সুবিধাও পেয়েছিল দলটি।
এই জয়ে চলতি আসরে বাংলাদেশের মোট পদকসংখ্যা দাঁড়াল ছয়ে। এখন পর্যন্ত দুটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ জিতেছেন দেশের আর্চাররা।
এর আগে কম্পাউন্ড নারী দলগত বিভাগে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছিলেন বন্যা, শ্রীপর্ণা বিশ্বাস ও মনি। কম্পাউন্ড পুরুষ দলগত ও মিশ্র দলগত ইভেন্টে জিতেছে রুপা।
ব্যক্তিগত ইভেন্টেও এসেছে সাফল্য। কম্পাউন্ড পুরুষ এককে নেওয়াজ আহমেদ রাকিব এবং নারী এককে কুলসুম আক্তার মনি ব্রোঞ্জপদক জিতেছেন। ধারাবাহিক এই সাফল্যে পদক তালিকায় বাংলাদেশের অবস্থান আরও মজবুত হয়েছে।
চলমান বার্তা ডেস্ক : 



















