ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য নেবে সরকার
একটি কার্ডের মাধ্যমে পরিবারের পরিচয় থেকে শুরু করে রাষ্ট্রের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা পর্যন্ত বিস্তৃত একটি তথ্যব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। নাম ‘ফ্যামিলি কার্ড’। কর্মসূচিতে নারী পরিবারপ্রধানের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছানো হবে। একই সঙ্গে কোটি কোটি পরিবারের বিচ্ছিন্ন তথ্য এক জায়গায় এনে তৈরি হবে সমন্বিত তথ্যভান্ডার। সরকারের ভাষ্য, এর ফলে সামাজিক সুরক্ষা আর শুধু ভাতা বিতরণের প্রশাসনিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না।
কর্মসূচির লক্ষ্য
কে কেমন আছে, কার কী প্রয়োজন, কোথায় সহায়তার ঘাটতি, আর সময়ের সঙ্গে পারিবারিক বাস্তবতা কীভাবে বদলাচ্ছে, এসব তথ্যের ভিত্তিতে সহায়তা ও উন্নয়ন পরিকল্পনা নির্ধারণের কথা বলছে সরকার। কর্মসূচির মূল লক্ষ্য তিনটি: নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবার শনাক্ত করা এবং কোটি পরিবারের সমন্বিত তথ্যভান্ডার গড়ে তোলা।
নির্বাচনী অঙ্গীকারেও এই ভাবনার প্রতিফলন ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারের নারীপ্রধানের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছানোর ধারণা নিয়ে অনেক আগে থেকেই কাজ করছিলেন বলে জানানো হয়েছে। এর উদ্দেশ্য শুধু একজন নারীকে সহায়তা করা নয়। পরিবারের সিদ্ধান্ত গ্রহণে তাঁর অংশগ্রহণ বাড়ানো, সন্তানদের ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি করা এবং জীবনযাত্রার মান উন্নত করাও লক্ষ্য।
শুরুটা যেভাবে
সরকার গঠনের প্রায় তিন সপ্তাহের মাথায়, ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, নারীর ক্ষমতায়নের অংশ হিসেবেই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারা তাঁর কাছে এবং সরকার ও বিএনপির জন্য ঐতিহাসিক ও আবেগের দিন বলেও মন্তব্য করেন তিনি।
পরে ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদরে কার্ড বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় ১২ অক্টোবর থেকে সারা দেশে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।
মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি
কর্মসূচিটি বাস্তবায়ন হচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। কোটি পরিবারের তথ্য সংগ্রহ, সমন্বিত তথ্যভান্ডার নির্মাণ, প্রকৃত উপকারভোগী শনাক্তকরণ এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা নিশ্চিত করার দায়িত্ব এই মন্ত্রণালয়ের ওপর। তিনি ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য।
নারীর ক্ষমতায়নের প্রশ্ন
সরকারের বক্তব্য, পরিবারের দৈনন্দিন ব্যয়, সন্তানের শিক্ষা, চিকিৎসা, খাদ্যনিরাপত্তা ও জরুরি প্রয়োজন মোকাবিলায় নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও আর্থিক সিদ্ধান্ত ও সম্পদের ওপর তাঁদের নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রে সীমিত। নারী পরিবারপ্রধানের নামে কার্ড দেওয়া হলে সেই অবস্থান শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হবে। ভবিষ্যতে উদ্যোক্তা হয়ে ওঠার ক্ষেত্রেও এই অর্থ সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।
গত ৩ নভেম্বর রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংকের ‘দক্ষিণ এশিয়ায় জনমিতিক পরিবর্তন: উন্নয়নের সম্ভাবনা থেকে চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী বলেন, পাঁচ সদস্যের পরিবারে বয়োজ্যেষ্ঠ নারীকে প্রধান করে কার্ড দেওয়া হচ্ছে। তাঁর মতে, এই সহায়তা নারীর অর্থনৈতিক ভূমিকা বাড়ানোর পাশাপাশি জাতীয় জিডিপির প্রবৃদ্ধিতেও অবদান রাখতে পারে।
পাইলটিংয়ের ফল
পাইলটিং কার্যক্রমে আট বিভাগের ৪৪টি জেলার ৫৫টি উপজেলা ও সিটি করপোরেশনের ৫৭টি ইউনিটে তথ্য সংগ্রহ করা হয়। ২০২৬ সালের জুন পর্যন্ত মোট ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে।
গত ১২ অক্টোবর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) স্কোর অনুযায়ী ৭১ হাজার ৮৩১ জন যোগ্য উপকারভোগীকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়া হয়েছে।
পাইলটিংয়ের জন্য বরাদ্দ ছিল ৮৬ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে ব্যয় হয়েছে ৬৫ কোটি ৭৩ লাখ টাকা, যার ৫৭ কোটি ২০ লাখ টাকা সরাসরি ভাতা হিসেবে বিতরণ করা হয়েছে।
দেশব্যাপী সম্প্রসারণ
পাইলটিংয়ের অভিজ্ঞতার ভিত্তিতে এখন কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরে কর্মসূচির জন্য মোট বরাদ্দ ১৪ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা সরাসরি ভাতা হিসেবে দেওয়া হবে। এ বছর নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্য রয়েছে। পরের তিন অর্থবছরেও ধাপে ধাপে যোগ্য নারী পরিবারপ্রধানদের কর্মসূচির আওতায় আনা হবে। সব মিলিয়ে চার অর্থবছরে ১ কোটি ৬০ লাখ পরিবারকে কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
কারা ভাতা পাবেন
সরকার ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ পিএমটি পদ্ধতি অনুযায়ী পরিবারগুলোকে পাঁচটি কোয়ান্টাইলে ভাগ করা হয়েছে:
প্রথম কোয়ান্টাইলে অতিদরিদ্র
দ্বিতীয় কোয়ান্টাইলে দরিদ্র
তৃতীয় কোয়ান্টাইলে ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত
চতুর্থ কোয়ান্টাইলে মধ্যবিত্ত
পঞ্চম কোয়ান্টাইলে উচ্চবিত্ত
নীতিমালা অনুযায়ী, পিএমটি স্কোর ৮৬০ বা তার কম হলে নারী পরিবারপ্রধান ভাতা পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। তবে কার্ড পাওয়া আর ভাতা পাওয়া এক বিষয় নয়। সব নারী পরিবারপ্রধানকে কার্ডের আওতায় আনার লক্ষ্য থাকলেও ভাতা দেওয়া হবে শুধু প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কোয়ান্টাইলের নারীপ্রধানদের। সরকারের মতে, এতে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবার অগ্রাধিকার পাবে এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাবে।
তথ্য সংগ্রহের প্রস্তুতি ও স্বচ্ছতা
কেউ যেন অযথা তালিকাভুক্ত না হন, আবার প্রকৃত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারও যেন বাদ না পড়ে, সে জন্য তথ্য যাচাই-বাছাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। প্রতিটি আবেদন তিন পর্যায়ে পর্যবেক্ষণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সারা দেশে তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত আছেন ৭৩ হাজার ৪৯৬ জন কর্মী। তাঁদের মধ্যে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার। কাজের জন্য ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ তৈরি করা হয়েছে। কর্মীদের প্রশিক্ষণের প্রথম পর্যায়ও শেষ হয়েছে।
প্রতি পাঁচজন সদস্যকে একটি পরিবার ধরে হিসাব করে সরকার লক্ষ্য ঠিক করেছে, আগামী ডিসেম্বরের মধ্যে আনুমানিক ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য জাতীয় ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হবে। তথ্য সংগ্রহ শেষ হলে শুরু হবে যাচাই, পিএমটি স্কোর নির্ধারণ ও যোগ্য উপকারভোগী বাছাইয়ের কাজ।
‘ফ্যামিলি ট্রি’ ও গতিশীল নিবন্ধন
কর্মসূচির দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলোর একটি হলো প্রতিটি পরিবারের তথ্যভিত্তিক ‘ফ্যামিলি ট্রি’ তৈরি করা। ৩ নভেম্বরের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের পরিবারগুলোর কোনো ফ্যামিলি ট্রি আগে সংরক্ষণ করা হয়নি। এখন প্রতিটি পরিবারের সুনির্দিষ্ট তথ্য নিয়ে তা তৈরি করা হবে এবং সেই তথ্য জাতীয় উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগানো হবে।
এর আগে ৬ আগস্ট সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ডসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা হয়। সভা শেষে সমাজকল্যাণমন্ত্রী জানান, কর্মসূচিটি ‘ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি’ বা গতিশীল সামাজিক নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে চলবে। মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে মিল রেখে তথ্য নিয়মিত হালনাগাদ করা হবে। কেউ দরিদ্র অবস্থা থেকে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত হলে কিংবা আবার দারিদ্র্যে ফিরে গেলে, তা-ও নিবন্ধনে প্রতিফলিত হবে।
সামনে যা প্রত্যাশিত
সরকারের ভাষ্য, কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় সহায়তা আরও লক্ষ্যভিত্তিক হবে, সামাজিক সুরক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং উন্নয়ন পরিকল্পনায় প্রতিটি পরিবারের বাস্তব অবস্থা গুরুত্ব পাবে। তবে কোটি পরিবারের তথ্য সংগ্রহ, প্রকৃত উপকারভোগী শনাক্তকরণ এবং সঠিক মানুষের কাছে সহায়তা পৌঁছানোর চ্যালেঞ্জও বড়। বাস্তবায়নের ধাপে ধাপে সেটিই হবে কর্মসূচির প্রধান পরীক্ষা।
চলমান বার্তা ডেস্ক : 





















