- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খাদ্য পরীক্ষাগারে পরিচালিত এক পরীক্ষায় কাজী ফার্মসের একটি জনপ্রিয় মাফিন কেকে মানহীনতার প্রমাণ মিলেছে। শিশুদের মধ্যে ব্যাপক জনপ্রিয় এই খাদ্যপণ্যটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
ল্যাব প্রতিবেদন অনুযায়ী, উৎপাদনের ১৫ দিন পর কেকটির অম্লতা পরিমাপ করে পাওয়া যায় ৩ দশমিক ৩২, যেখানে গ্রহণযোগ্য মাত্রা হওয়ার কথা প্রায় ১। এছাড়া সরকার নির্ধারিত প্রিজারভেটিভের অস্তিত্বও কেকটিতে পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
ডিএসসিসির খাদ্য পরীক্ষাগারের জনস্বাস্থ্য বিশ্লেষক ইলিয়াছ জাহেদী বলেন, পণ্যটির মান পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। তিনি জানান, নমুনায় অম্লতা ও আর্দ্রতা উভয়ই স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া গেছে এবং নির্ধারিত প্রিজারভেটিভ ব্যবহারের প্রমাণ মেলেনি।
এই ফলাফলের ভিত্তিতে বিশুদ্ধ খাদ্য আদালতে দায়ের হওয়া মামলার পর প্রতিষ্ঠানটি দোষ স্বীকার করে মোট ৮ লাখ টাকা জরিমানা পরিশোধ করেছে। ডিএসসিসির খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম জানান, চার লাখ টাকা করে মোট আট লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের পণ্য উৎপাদন থেকে বিরত থাকতে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাইলে কাজী ফার্মসের কেউ সাড়া দেননি।
ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, জরিমানার উদ্দেশ্য অন্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা। তিনি জানান, এই ব্যবস্থা থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে অন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, বাজার থেকে মানহীন পণ্য প্রত্যাহার করে নতুন পণ্য সরবরাহের প্রতিশ্রুতি আদালতে দিলেও তা এখনো বাস্তবায়ন করেনি কাজী ফার্মস। এদিকে পণ্যটি প্রকৃতপক্ষে মানহীন, এই তথ্য এখনো অনেক অভিভাবক ও খুচরা বিক্রেতার অজানা।
চলমান বার্তা ডেস্ক : 



















