নব্বইয়ের দশক থেকে বলিউডের অসংখ্য সিনেমায় নিজের অভিনয়ের ছাপ রেখে আসছেন অভিনেত্রী কাজল। সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তার ধারায় খুব একটা ভাটা পড়েনি তার। আজও কোটি দর্শকের হৃদয়ে সমান আবেদন নিয়ে টিকে আছেন এই তারকা। সম্প্রতি এক অনুষ্ঠানকে কেন্দ্র করে ফের আলোচনায় উঠে এসেছেন তিনি।
ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংবাদমাধ্যম আনন্দবাজার ডট কম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা গ্রহণ করতে গিয়েছিলেন কাজল। সেখানেই বাংলা সিনেমা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। গতকাল শুক্রবার পুরস্কার হাতে নেওয়ার পর সংবাদকর্মীদের নানা প্রশ্নের মুখোমুখি হন এই অভিনেত্রী।
সাংবাদিকদের একজন জানতে চান, বাংলা ছবি দেখেন কিনা কাজল। উত্তরে একেবারেই খোলামেলা ছিলেন তিনি। জানিয়ে দেন, বাংলা সিনেমা দেখার অভ্যাস তার নেই। তবে সঙ্গে সঙ্গেই যোগ করেন, সময় ও সুযোগ মিললে বাংলা ছবিতে অভিনয় করতে তার আপত্তি নেই, বরং আগ্রহ নিয়েই তিনি সেদিকে তাকিয়ে আছেন।
বাংলা ভাষায় সাবলীল না হলেও মনেপ্রাণে নিজেকে খাঁটি বাঙালি বলেই মনে করেন কাজল। বাংলার সঙ্গে তার এই সম্পর্ক নেহাত কথার কথা নয়, রয়েছে পারিবারিক শিকড়ও। তার মা, কিংবদন্তি অভিনেত্রী তনুজা, হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা সিনেমাতেও অসামান্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন। মায়ের সেই উচ্চতা ছুঁতে পেরেছেন কি না, এমন প্রশ্নের জবাবে বিনয়ী কণ্ঠে কাজল বলেন, তিনি এখনো সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন। তার ভাষায়, মা ছিলেন অনেক বড় মাপের একজন অভিনেত্রী, আর নিজের পুরো ক্যারিয়ারজুড়ে তিনি মায়ের দেখানো পথ অনুসরণ করেই এগিয়েছেন।
আলাপচারিতার এক পর্যায়ে নিজের ব্যক্তিগত অভ্যাসের কথাও তুলে ধরেন কাজল। শৃঙ্খলার প্রশ্নে নিজেকে বলিউডের ব্যতিক্রমী উদাহরণ হিসেবেই তুলে ধরেন তিনি। তার কথায়, ‘আমি ভীষণ শৃঙ্খলাপরায়ণ। বলিউডের খুব কম লোক আছেন, যারা সঠিক সময়ে সেটে আসেন, আমি কিন্তু তাদের মধ্যে একজন। আবার ঠিক সময়ে সেট থেকে বেরিয়েও পড়ি। এটাই আমার স্বভাব।’
সময়ানুবর্তিতার এই ধারা যে শুধু কথার কথা নয়, বরং দীর্ঘদিনের অভ্যাসের ফসল, তা তার কথাতেই স্পষ্ট। বলিউডের কর্মব্যস্ত ও অনিশ্চিত সময়সূচির মধ্যেও নিজের পেশাদারিত্ব ধরে রাখা যে সহজ কাজ নয়, তা মেনে নেন সংশ্লিষ্টরাও। আর এ কারণেই সহকর্মীদের কাছেও কাজল পরিচিত এক ভরসাযোগ্য নাম হিসেবে।
তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে সক্রিয় থেকেও কাজল যেভাবে নিজের পারিবারিক শিকড়, পেশাদার নিষ্ঠা আর সততার মিশেলে দর্শকদের মন জয় করে চলেছেন, তা তাকে আলাদা করে তুলেছে। বাংলা ভাষায় দুর্বলতা কিংবা বাংলা ছবি না দেখার সরল স্বীকারোক্তি সত্ত্বেও বাংলার প্রতি তার যে আবেগ, তা দর্শকদের কাছে অকৃত্রিম বলেই মনে হয়েছে। আগামী দিনে বাংলা সিনেমায় তাকে দেখা যায় কি না, সেদিকেই এখন চোখ থাকবে ভক্তদের।
চলমান বার্তা ডেস্ক : 




















