রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৪১ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এই তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের তৎকালীন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা।
সোমবার বেলা পৌনে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই মামলার ফরমাল চার্জ জমা দেন প্রসিকিউশন প্যানেলের সদস্যরা। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। অভিযোগপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন, মঈনুল করিম ও মার্জিনা রায়হান।
শেখ হাসিনা ছাড়া বাকি আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও হাসান মাহমুদ, আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও জাহাঙ্গীর কবির নানকের মতো ব্যক্তিরা। এছাড়া তালিকায় আছেন সাবেক মন্ত্রী দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং গণমাধ্যমকর্মী মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।
পুলিশ ও র্যাবের সাবেক শীর্ষ কর্মকর্তারাও এই মামলার আসামি। এদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, একেএম শহীদুল হক, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক এনটিএমসি মহাপরিচালক জিয়াউল আহসান। তালিকায় ঢাকা মহানগর পুলিশের একাধিক সাবেক কর্মকর্তা ও মতিঝিল থানার তৎকালীন ওসিও রয়েছেন।
প্রসিকিউশন সূত্র জানিয়েছে, দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়ার পর যাচাই-বাছাই করে এই ফরমাল চার্জ তৈরি করা হয়। উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে সহিংসতায় ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।
শিরোনাম :
শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ০২:২৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- 19
ট্যাগস
৫ মে ২০১৩ আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফরমাল চার্জ মানবতাবিরোধী অপরাধ শাপলা চত্বর শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ শেখ হাসিনা হেফাজতে ইসলাম
জনপ্রিয় সংবাদ



























