টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় এক মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের টঙ্গী উপজেলায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানীরটেক মাদক বস্তি থেকে ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত রানী বেগমের ছেলে রাহুলকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রাহুলের বিরুদ্ধে পাঁচটি পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়ার সময় টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত রেললাইন থেকে পাথর কুড়িয়ে পুলিশের ওপর ছুড়তে শুরু করে। এতে গুরুতর আহত হন কনস্টেবল মাসুদ। এই বিশৃঙ্খলার সুযোগে হামলাকারীরা হাতকড়াসহ আসামি রাহুলকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।
ছিনতাই হওয়া আসামিকে ফিরে পেতে ঘটনার রাতেই আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ, তবে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, পাঁচ মামলার পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর থানায় আনার পথে পুলিশকে লক্ষ্য করে রেললাইন থেকে পাথর ছুড়তে থাকে মাদক কারবারিরা। এতে এক পুলিশ সদস্য আহত হন এবং সেই সুযোগে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। তিনি জানান, আসামি ও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
চলমান বার্তা ডেস্ক : 



















