আন্তর্জাতিক ক্রিকেটে আসছে নতুন একটি ফরম্যাট, নাম টেস্ট টোয়েন্টি। এতে একই দলের হয়ে মাঠে নামবেন ছেলে ও মেয়ে ক্রিকেটাররা। দুই পক্ষের সম্মিলিত রানের ভিত্তিতেই ঠিক হবে ম্যাচের ফল। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, টেস্ট ও টি-টোয়েন্টির বৈশিষ্ট্য মিলিয়ে তৈরি এই ফরম্যাটের ম্যাচ হবে এক দিনে, মোট ৮০ ওভারের।
শ্রীলঙ্কার কলম্বোর ঐতিহাসিক সিনহালিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ১৪ নভেম্বর শুরু হবে প্রতিযোগিতার উদ্বোধনী আসর। ফাইনাল হবে ২৯ নভেম্বর। আয়োজকেরা জানিয়েছেন, ১৩ থেকে ২১ বছর বয়সী ১৬০ জন তরুণ ক্রিকেটার এতে অংশ নেবেন। খেলবে চারটি মহাদেশীয় দল। প্রতিটি দলে থাকবেন ৪০ জন, অর্থাৎ ২০ ছেলে ও ২০ মেয়ে।
যেভাবে খেলা হবে
ম্যাচের প্রথম ৪০ ওভার হবে দিনের আলোয়, লাল বলে ও সাদা পোশাকে। বাকি ৪০ ওভার হবে ফ্লাডলাইটের আলোয়, সাদা বলে ও রঙিন পোশাকে। দুই পর্বের মাঝখানে রানের হিসাব নতুন করে শুরু হবে না। প্রথম পর্বে করা রান দ্বিতীয় পর্বেও দলের মোট সংগ্রহে যোগ থাকবে।
ছেলেদের একাদশ খেলবে প্রতিপক্ষ দলের ছেলেদের বিপক্ষে। মেয়েদের একাদশ লড়বে প্রতিপক্ষের মেয়েদের সঙ্গে। ছেলে ও মেয়ে, উভয়ের ইনিংস ২০ ওভারের। বোলিংয়েও রয়েছে আলাদা নিয়ম। ছেলেরা শুধু ছেলেদের এবং মেয়েরা শুধু মেয়েদের বিপক্ষে বল করবেন। দুই পক্ষের রান যোগ করে হবে দলের মোট সংগ্রহ।
একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো যায়। কোনো দলের মেয়েরা ২০ ওভারে ১২০ রান এবং ছেলেরা ২০ ওভারে ১৮০ রান করলে দলটির সংগ্রহ দাঁড়াবে ৩০০। প্রতিপক্ষ দুই পক্ষ মিলিয়ে ২৯০ রান করলে প্রথম দল জিতবে ১০ রানে। ফলে জয়ের জন্য ছেলে ও মেয়ে, দুই দলের পারফরম্যান্সই সমান গুরুত্বপূর্ণ।
প্রতিটি একাদশে সর্বোচ্চ পাঁচজন বোলার ব্যবহার করা যাবে। প্রয়োজনে একজন বোলার সর্বোচ্চ ছয় ওভার করতে পারবেন। আয়োজকদের নির্ধারিত নিয়ম অনুযায়ী এ সিদ্ধান্ত নিতে হবে ইনিংসের দশম ওভার শেষ হওয়ার আগেই। টসের মাধ্যমে ঠিক হবে কোন দল আগে ব্যাট করবে এবং ছেলেদের না মেয়েদের একাদশ আগে খেলতে নামবে।
আয়োজনের নেপথ্যে
ফরম্যাটটির প্রতিষ্ঠাতা গৌরব বাহিরওয়ানি জানিয়েছেন, ছেলে ও মেয়েদের ক্রিকেটকে এক মঞ্চে এনে দুই পক্ষের পারফরম্যান্সকে সমান গুরুত্ব দেওয়াই এর মূল লক্ষ্য।
উদ্বোধনী আসরের জন্য মাঠের ট্রায়াল ও অনলাইন বাছাইয়ের মাধ্যমে ১৬০ জন ক্রিকেটারকে বেছে নিয়েছে গ্লোবাল সিলেকশন কমিটি। কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন ভারতের কোচ রাজকুমার শর্মা। টুর্নামেন্টের উপদেষ্টা বোর্ডে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্স, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেন ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার ক্লাইভ লয়েড। পরিচালনার দায়িত্বে থাকবেন মাইক ফোর্ডহ্যাম।
আয়োজকদের ঘোষণা অনুযায়ী, ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি দেখাবে সনি স্পোর্টস নেটওয়ার্ক।
ছেলে ও মেয়েদের সম্মিলিত পারফরম্যান্সে ফল নির্ধারণের এই উদ্যোগ ক্রিকেটে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে নতুন এই ফরম্যাট দর্শকের কাছে কতটা জনপ্রিয় হবে, আর ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে এর বিস্তার ঘটবে কি না, তা বোঝা যাবে উদ্বোধনী আসরের পরই।
শিরোনাম :
ছেলে -মেয়ে একই দলে, ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট টেস্ট টোয়েন্টি
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ০৫:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- 6
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















