এআই প্রযুক্তিতে তৈরি আপত্তিকর ভিডিও ঘিরে তুমুল সমালোচনার মধ্যেই ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেছিলেন চিত্রনায়িকা পরীমনি। তবে পরদিন সকালেই নিজের ভেরিফায়েড পেজ থেকে সেই লাইভ ভিডিও মুছে ফেলেন তিনি।
গত ১৬ অক্টোবর, শুক্রবার দিবাগত রাতে ফেসবুক লাইভে আসেন এই অভিনেত্রী। এর আগে একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এআই প্রযুক্তিতে তৈরি তাঁর একটি আপত্তিকর ভিডিও প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে ওই চ্যানেলের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। এই ঘটনার পরই লাইভে এসে নিজের ক্ষোভের কথা জানান পরীমনি।
লাইভে তিনি বলেন, ভিডিওটি নতুন কিছু নয়। প্রায় দেড় বছর আগে অনেকেই হোয়াটসঅ্যাপে তাঁকে এটি পাঠিয়েছিলেন। কিন্তু একটি ভেরিফায়েড গণমাধ্যমের অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ার পরই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তাঁর মতে, দায়িত্বশীল একটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে এমন ভিডিও প্রকাশের পর দায় এড়ানোর সুযোগ নেই।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দুঃখ প্রকাশ নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তিনি বলেন, শুধু দুঃখ প্রকাশ করলেই সবকিছুর সমাধান হয়ে যায় না। ভিডিওটি এত দীর্ঘ সময় অনলাইনে রেখে না দিয়ে চাইলে আরও দ্রুত সরিয়ে ফেলা সম্ভব ছিল বলেও মন্তব্য করেন তিনি।
সমালোচকদের উদ্দেশে পরীমনি বলেন, কেউ গালি দিলে তিনি চুপ থাকবেন না, পাল্টা জবাব দেবেন। মামলার পরামর্শের জবাবে তাঁর বক্তব্য, আইনি পথে হেঁটে সময় নষ্ট করতে চান না তিনি; বরং যাঁরা আক্রমণ করছেন, তাঁদের সরাসরি জবাব দিতেই পছন্দ করেন। লাইভের একপর্যায়ে পেছনের জুতার ক্যাবিনেট দেখিয়ে তিনি বলেন, সেখানকার জিনিসগুলো ‘অরিজিনাল’। এর মাধ্যমে এআই ভিডিও ও বাস্তবতার পার্থক্য বোঝাতে চান তিনি।
ভিডিও নিয়ে অতিরিক্ত কৌতূহল দেখানো মানুষদেরও সমালোচনা করেন পরীমনি। তাঁর অভিযোগ, অনেকে অন্য পোস্টের মন্তব্যের ঘরে গিয়ে ভিডিওর লিংক চাইছেন, যা তাঁদের মানসিকতার পরিচয় দেয়। এমন বাড়াবাড়ি দেখে একপর্যায়ে তাঁর মনে হয়েছিল, বিকিনি, স্বচ্ছ পোশাক কিংবা নগ্ন ফটোশুট করবেন। তবে তিনি স্পষ্ট করেন, বাস্তবে এমন কোনো ফটোশুট তিনি করেননি।
লাইভের শেষ দিকে সমালোচকদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকার পরামর্শ দেন তিনি। ইংরেজিতে বলেন, ‘ফোকাস অন ইউর লাইফ! গেট এ লাইফ, হানি।’
পরদিন, অর্থাৎ শনিবার সকালে ‘Oops sorry! ডিলিট করে দিছি’ ক্যাপশন দিয়ে লাইভ ভিডিওটি নিজের ফেসবুক পেজ থেকে মুছে ফেলেন পরীমনি। ওই পোস্টের মন্তব্যের ঘর বন্ধ থাকায় অনুরাগীরা সেখানে কোনো প্রতিক্রিয়া জানাতে পারেননি।
চলমান বার্তা ডেস্ক : 

























