কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ওপর নির্মাণাধীন সোনাহাট সেতুর সংযোগ সড়ক নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন ২৫,কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার দুপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে সেতুটি সরেজমিন পরিদর্শন করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুর পূর্ব প্রান্তে প্রায় ৬ একর জমির মালিকানা নিয়ে স্থানীয় ব্যক্তিমালিক ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের কারণে সাত বছর পার হলেও সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করা সম্ভব হয়নি।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে ২০১৯ সালে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শুরু হয়। সেতু ও সংযোগ সড়ক নির্মাণে চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা। ২০২১ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২০২৬ সালেও সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
সেতুর পূর্ব প্রান্তের প্রায় ৬ একর জমি নিজেদের ব্যক্তিমালিকানাধীন বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় দপ্তর ওই জমির মালিকানা রেলওয়ের দাবি করে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে। একই জমির মালিকানা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবিতে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া আটকে রয়েছে। বিষয়টি নিয়ে আন্তমন্ত্রণালয় পর্যায়েও একাধিকবার বৈঠক হলেও এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি।
পরিদর্শনকালে সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, ভূমি অধিগ্রহণের টাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা রয়েছে। জমির মালিকানা নিশ্চিত করা গেলে দ্রুত অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। এ বিষয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দ্রুত সমাধান চেয়ে চিঠি পাঠিয়েছেন।
তিনি আরও বলেন, যোগাযোগমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন তিনি। দ্রুত জমির মালিকানা জটিলতা নিরসন করে সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করার দাবি জানান তিনি।
এদিকে সেতুটি চালু না হওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দেড়শ বছরের পুরোনো মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ ও যাত্রীবাহী যানবাহন। একই সেতু দিয়ে সোনাহাট স্থলবন্দরের পাথরবোঝাই ট্রাকও চলাচল করছে। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের।
স্থানীয়দের প্রত্যাশা, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের দ্রুত নিষ্পত্তি করে সোনাহাট সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজ শুরু করা হবে। এতে সীমান্তবর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগের অবসান ঘটবে।
নুরুল আমিন, স্টাফ রিপোর্টার 
























