শিরোনাম :
“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জে শিশু দিবস উদযাপন
-
মোঃ হোসেন আলী ছোট্ট , সিরাজগঞ্জ - আপডেট সময় ০৫:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- 4
“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কালেক্টরেট চত্বরে রংবেরঙের বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
এ সময় সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের অনুষ্ঠানস্থল থেকেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানে যুক্ত হন সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল—‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।
কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশুদের নিরাপত্তা, অধিকার ও সার্বিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি সুসংগঠিত ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে শিশুদের সার্বিক বিকাশ অপরিহার্য। তবে শিশুশ্রম, সামাজিক সহিংসতা, বাল্যবিয়ে ও বৈষম্যের মতো চ্যালেঞ্জ এখনও বিদ্যমান। এসব সামাজিক ব্যাধি দূর করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ জরুরি।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের অধিকার সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে শিশুশ্রম, বাল্যবিয়ে, সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তফা কামাল।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শিশুদের অধিকার রক্ষা ও তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
জনপ্রিয় সংবাদ

























