থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যাওয়ার প্রায় ১০ ঘণ্টা পর সিলেটের সুরমা নদী থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে শাহজালাল সেতু এলাকায় নদী থেকে মরদেহ দুটি তোলা হয়।
মৃত নারীর নাম মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩)। তাঁর মেয়ের নাম জয়শ্মিতা বিশ্বাস শ্রী।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মঞ্জুশ্রীর স্বামী জীবন বিশ্বাস শ্রীমঙ্গলে টিএমএইচে চাকরি করেন। মঙ্গলবার বিকেলে মা ও মেয়ে বাসা থেকে বেরিয়ে যান। বিষয়টি প্রথমে নজরে আসে অষ্টম শ্রেণিতে পড়ুয়া তাঁদের ছেলের। সে-ই বাবাকে খবর দেয়। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। প্রায় ১০ ঘণ্টা পর নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আশরাফুল ইসলাম বলেন, থ্যালাসেমিয়ায় আক্রান্ত মেয়েকে নিয়ে মঞ্জুশ্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পুলিশের ধারণা, সেই দুশ্চিন্তা থেকেই তিনি মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে থাকতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করে কিছু জানাননি তিনি।
জীবন বিশ্বাস গণমাধ্যমকে জানান, মঙ্গলবার বিকেল চারটার দিকে তাঁর স্ত্রী মেয়েকে রক্ত দিয়ে বাসায় ফেরেন। তখন তাঁর সঙ্গে শাশুড়িও ছিলেন। পরে মেয়েকে বাসায় রেখে শাশুড়ি নিজের বাড়িতে চলে যান। খবর পেয়ে জীবন বিশ্বাস কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন।
চলমান বার্তা ডেস্ক : 



















