সিরাজগঞ্জের রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়েছে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স। এতে চালকসহ সাতজন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় আরআর স্পিনিং মিলের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী অ্যাম্বুলেন্সটি কালিকাপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় অ্যাম্বুলেন্সটি সড়কের রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সে চালকসহ ১২ জন যাত্রী ছিলেন। এতে ৭জন আহত হন। হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আতিক জানান, সকাল ৭টার দিকে আরআর স্পিনিং মিলের সামনে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এতে সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালককে থানার হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার শাহাদাত হোসেন জানান, অ্যাম্বুলেন্সের যাত্রীদের এক নিকটাত্মীয় মারা যাওয়ায় তাঁরা ঢাকা থেকে রংপুর যাওয়ার উদ্দেশ্যে গাড়িটি ভাড়া করেছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাঁদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রেজাউল করিম, (ষ্টাফ রিপোর্টার) 

























