শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা করণীয়, তা যথাযথ প্রক্রিয়া মেনেই করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তাঁর ভাষ্য, সরকারের কোনো পদক্ষেপের পেছনে আবেগের স্থান নেই; আইনের প্রয়োগই এখানে মূল বিষয়।
আজ রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল হলিডে ইনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কর্মশালা ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের আদালতে কোনো আইনি লড়াই হবে কি না, সাংবাদিকেরা তা জানতে চান। জবাবে আইনমন্ত্রী বলেন, এটি ভারত সরকারের বিষয়। বন্দিবিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ তাদের কাছে অনুরোধ জানিয়েছে। ভারত তাঁকে হস্তান্তর করলে যথাযথ প্রক্রিয়ায়, আইন অনুযায়ী তাঁকে বিচারের আওতায় আনা হবে।
এরপর সাংবাদিকেরা প্রশ্ন তোলেন, সরকার বন্দিবিনিময় চুক্তির কথা বললেও ভারতে শেখ হাসিনা বন্দি অবস্থায় নেই; ভারত তাঁকে রাষ্ট্রীয় অতিথি বলছে। সে ক্ষেত্রে কী হবে? উত্তরে মন্ত্রী বলেন, তাঁর কাছে শেখ হাসিনা একজন অপরাধী। বাংলাদেশের ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি হিসেবেই তাঁকে দেখা হয়। ভারত কী বলছে, সেটি এখানে মুখ্য নয় বলে মন্তব্য করে মন্ত্রী জানান, বাংলাদেশের নিজ আদালতেই প্রকাশ্য বিচারের মাধ্যমে এ রায় হয়েছে।
চলমান বার্তা ডেস্ক : 



















