উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। ভোরের কুয়াশা, হিমেল বাতাস আর ঘন আর্দ্রতায় সেখানে বাড়ছে শীতের অনুভূতি। শীতের আমেজে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি। দিনে রোদের তেজ থাকলেও সন্ধ্যা নামলেই ঠান্ডা বাড়তে থাকে।
রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল শতভাগ।
আগের দিন শনিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে পারদ নেমেছে শূন্য দশমিক ৭ ডিগ্রি।
সকাল গড়িয়ে সূর্যের দেখা মিললে তাপমাত্রা কিছুটা বাড়ে। তবু ভোর ও সন্ধ্যার ঠান্ডা বেশ ভালোভাবেই টের পাওয়া যায়। হিমেল বাতাসের মধ্যেই শ্রমজীবী মানুষকে বেরিয়ে পড়তে হচ্ছে দিনের কাজে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তাই দিনের বেলায় রোদের তাপ থাকলেও সকাল ও সন্ধ্যায় শীত অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। এ সময় রাত ও ভোরে শীতের অনুভূতি বেশি থাকে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে, সঙ্গে বাড়তে পারে শীতের অনুভূতিও।
চলমান বার্তা ডেস্ক : 




















