সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন শুরুর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এটি বাস্তবায়িত হলে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে। তবে এ বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। শনিবার (৭ নভেম্বর) ইসির কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানান।
ইসি সূত্র জানায়, কমিশনের সাম্প্রতিক এক বৈঠকে অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের প্রসঙ্গটি আলোচনায় আসে। ওই বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ প্রস্তাব দেন, ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের নিবন্ধন কার্যক্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শুরু করা হোক।
প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের তথ্য সংগ্রহ ও নিবন্ধনের উদ্যোগ নেওয়া হতে পারে। এতে অল্প বয়স থেকেই নাগরিকদের জাতীয় পরিচয়সংক্রান্ত তথ্য সংরক্ষণের সুযোগ তৈরি হবে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি ও নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ বিষয়ে একটি কর্মশালা আয়োজনের নির্দেশ দিয়েছেন। কর্মশালায় আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে সুপারিশ তৈরি করে উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে এনআইডি মহাপরিচালককে।
বর্তমানে ১৭ বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্রের সেবা দিচ্ছে নির্বাচন কমিশন। এর চেয়ে কম বয়সীদেরও এনআইডি নিবন্ধনের আওতায় আনার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন বিভিন্ন মহল। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে সেই দাবি পূরণের পথ তৈরি হতে পারে।
এদিকে সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।
চলমান বার্তা ডেস্ক : 



















