তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। সোমবার (৯ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত এ খাতের নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে প্রস্তাবটি তুলে ধরা হয়।
সভায় শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার বিভিন্ন গ্রেডের জন্য প্রস্তাবিত মজুরির হিসাব উপস্থাপন করেন। প্রস্তাব অনুযায়ী, এক নম্বর গ্রেডে ৪৮ হাজার, দুই নম্বর গ্রেডে ৪৩ হাজার, তিন নম্বর গ্রেডে ৩৮ হাজার এবং চার নম্বর গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি চাওয়া হয়েছে। একেবারে নতুন, অর্থাৎ এন্ট্রি লেভেলের শিক্ষানবিশ শ্রমিকদের জন্য দাবি করা হয়েছে ৩০ হাজার টাকা।
সভায় জানানো হয়, পোশাক খাতের সার্বিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয়, বাজারমূল্য ও শ্রমিকদের জীবনমান বিবেচনা করেই এই প্রস্তাব তৈরি করা হয়েছে।
বৈঠকে আরও কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য আন্তর্জাতিক মানদণ্ড ও অন্যান্য দেশের মজুরি কাঠামো বিশ্লেষণ করবেন। প্রয়োজন হলে তিনি বিশেষজ্ঞদের মতামতও নেবেন। এ ছাড়া শ্রমিকদের প্রকৃত অবস্থা সরেজমিনে দেখতে খুব শিগগিরই বিভিন্ন শিল্প এলাকার কারখানা পরিদর্শন করবে বোর্ড।
বোর্ডের লক্ষ্য, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কার্যক্রম শেষ করে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা। এটি কার্যকর হবে আগামী জানুয়ারি মাসের বেতন থেকে।
পোশাক খাতে চলমান অস্থিরতা ও শ্রমিক অসন্তোষ কমাতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা ও পরবর্তী সিদ্ধান্ত হবে ১৬ নভেম্বর বোর্ডের পরবর্তী বৈঠকে।
নিজস্ব প্রতিবেদক 



















