ছোটবেলা কেটেছে মুম্বাইয়ে। পরে কাজের সূত্রে কলকাতায় আসা। ‘বউ কথা কও’ ধারাবাহিক দিয়ে শুরু, এরপর ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ছবিতে দর্শকের নজর কাড়েন অনিন্দিতা বসু। পরবর্তীতে ‘ভূতের ভবিষ্যৎ’সহ অঞ্জন দত্ত ও সৃজিত মুখার্জির সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে।
বর্তমানে তিনি মুম্বাইয়ের বাসিন্দা। তবে পোষ্য ও পছন্দের চরিত্রের টানে মাঝেমধ্যেই কলকাতায় আসেন। সম্প্রতি ‘ঘুনগাঁও’ ছবির প্রচারে এসে নিজের ক্যারিয়ার, সংগ্রাম ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আড্ডা দিয়েছেন এই অভিনেত্রী।
কলকাতায় শুরুর দিনগুলো সহজ ছিল না। মুম্বাইয়ে বেড়ে ওঠায় বাংলা ভাষায় দক্ষতার ঘাটতি ছিল তার বড় বাধা। অনিন্দিতা জানান, অভিনয়ে আসার পর তাকে ‘আউটসাইডার’ বা ‘ট্যাঁশ’ হিসেবে দেখা হতো। অনেকে বলতেন, তার বাংলায় হিন্দির টান আছে। শুরুতে কষ্ট পেলেও পরে বিষয়টিকে তিনি চ্যালেঞ্জ হিসেবে নেন। বাড়িতে শিক্ষক রেখে বাংলা বলা, পড়া ও লেখা শেখেন।
ক্যারিয়ারের শুরুর দিকে দুজন মানুষের অবদান বিশেষভাবে স্মরণ করেন অনিন্দিতা। তার ভাষ্য অনুযায়ী, রবি ওঝা তাকে অভিনয়ের কারিগরি দিক শিখিয়েছেন, আর ঋতুপর্ণ ঘোষ শিখিয়েছেন অভিনয়কে ভালোবাসতে। আগে প্রডাকশন ডিজাইনিংয়ের দিকে ঝোঁক ছিল তার। অডিশন দিয়ে হঠাৎ সুযোগ পাওয়ার পর অভিনয়কেই ভালোবেসে ফেলেন। নিজেকে তিনি ঋতুপর্ণ ঘোষের হাতে গড়া কাদার তাল বলে মনে করেন।
২০১৩ সালে উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় অনিন্দিতার। তারকা পরিবারের নামের ভার না নিয়ে বিষয়টিকে তিনি সাধারণ বিয়ের মতোই দেখেছিলেন বলে জানান। টানা আট বছর কাজ করার পর একঘেয়েমি এলে বিরতি নেন তিনি। চরিত্রের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলছেন, এমন মনে হওয়ায় ফের পাড়ি দেন মুম্বাইয়ে। সেখানে প্রায় ৫০টি অডিশন দেওয়ার পর প্রথম বিজ্ঞাপনে কাজের সুযোগ পান।
মানসিক চাপ ও বিচ্ছেদের মতো কঠিন সময় সামলাতে থেরাপির সাহায্য নিয়েছেন বলে জানান অনিন্দিতা। এটিকে তিনি কোনো ট্যাবু মনে করেন না। তার কথায়, থেরাপি নিজেকে শক্ত করতে সাহায্য করেছে। অন্যদের পাশে দাঁড়াতে এখন নিজেও আর্ট থেরাপি শিখছেন।
সাবেক সঙ্গীদের প্রসঙ্গে তার বক্তব্য, সম্পর্কের বিচ্ছেদ কেবল একজনের দোষে হয় না। পুরোনো সঙ্গীদের সঙ্গে দেখা হলে এখন স্বাভাবিক কুশল বিনিময় হয় এবং তারা নিজ নিজ জীবনে সুখে আছেন বলে জানান তিনি।
বারবার সম্পর্কের ঝড়ের মুখোমুখি হলেও বিয়ে প্রতিষ্ঠানের ওপর বিশ্বাস হারাননি অনিন্দিতা। প্রতিশ্রুতিতে বিশ্বাসী এই অভিনেত্রী ভবিষ্যতে আবারও বিয়ে করতে চান।
কাজের প্রসঙ্গে অনিন্দিতা জানান, থ্রিলার ঘরানার ‘ঘুনগাঁও’ ছবিতে রণজয় বিষ্ণুর সঙ্গে অভিনয় করেছেন। ছবিতে তাকে দেখা যাবে একজন সাহসী মেয়ের চরিত্রে। পাশাপাশি মুম্বাইয়ে নিয়মিত অডিশন দিচ্ছেন তিনি। জুনে একটি বড় বাজেটের হিন্দি সিনেমার কাজ শেষ করেছেন, যা নিয়ে তিনি বেশ আশাবাদী। এ বছরের দুর্গাপূজা কলকাতায় কাটানোর পরিকল্পনাও রয়েছে তার।
চলমান বার্তা ডেস্ক : 
























