নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় কৈকেয়ীর চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন লারা দত্ত। ছবিতে তিনি রামের সৎমা, অথচ রাম চরিত্রের অভিনেতা রণবীর কাপুরের চেয়ে তিনি বয়সে মাত্র চার বছরের বড়। এই ব্যবধান নিয়ে কোনো দ্বিধা ছিল কি না, সম্প্রতি সে প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, ৪৮ বছর বয়সি লারা ছবিতে ৪২ বছর বয়সি আদিনাথ এম কোঠারের মায়ের চরিত্রেও অভিনয় করেছেন। ‘নিউজ১৮’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এ নিয়ে তাঁর বিন্দুমাত্র সংকোচ ছিল না। তাঁর ভাষ্য, এখনকার অভিনেতারা পুরোনো ধ্যানধারণায় আটকে নেই; তাঁরা কেবল চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলেন।
লারা আরও মনে করিয়ে দেন, রাজা দশরথের তিন রানির মধ্যে কৈকেয়ী ছিলেন কনিষ্ঠ। তিন রানির বয়স ও প্রেক্ষাপট ছিল আলাদা।
চরিত্রটির প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, শুরুতে পরিচালক নিতেশ তিওয়ারির সঙ্গে বসে কৈকেয়ীর পুরো ইতিহাস তৈরি করেছিলেন, এমনকি যেসব অংশ পর্দায় দেখানো হয়নি, সেগুলোও। কেন তিনি দুটি বর চেয়েছিলেন, কোথায় সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তিনি কে ছিলেন এবং কোথা থেকে এসেছিলেন, সবই খুঁটিয়ে আলোচনা হয়েছে।
লারার মতে, কৈকেয়ীর মতো শক্তিশালী চরিত্র একজন শিল্পীর ক্যারিয়ারে খুব কম আসে, তাই সুযোগ পেলে তা লুফে নেওয়া উচিত। এর আগে অক্ষয় কুমারের ‘বেলবটম’ ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়ের স্মৃতিও তিনি টেনে আনেন। তাঁর বক্তব্য, এ ধরনের ঐতিহাসিক চরিত্র যেকোনো শিল্পীর জন্য বড় সুযোগ।
নমিত মালহোত্রা প্রযোজিত এই ছবিতে রাম চরিত্রে আছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী, রাবণ চরিত্রে যশ এবং লক্ষ্মণ চরিত্রে রবি দুবে। ছবির প্রথম পর্ব ৫ নভেম্বর মুক্তি পেয়েছে। দ্বিতীয় পর্ব ২০২৮ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
শিরোনাম :
রণবীরের মায়ের চরিত্রে লারা দত্ত, বয়সের ব্যবধান নিয়ে মুখ খুললেন
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ০২:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- 3
জনপ্রিয় সংবাদ

























