৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) আন্তর্জাতিক শাখায় বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্বের দৌড়ে যুক্ত হয়েছে পাঁচটি চলচ্চিত্র। নির্ধারিত সময়সীমার মধ্যেই সংশ্লিষ্ট নির্মাতা ও প্রযোজকেরা নিজ নিজ চলচ্চিত্র অস্কার বাংলাদেশ কমিটির কাছে জমা দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কমিটি।
জমা পড়া পাঁচটি চলচ্চিত্র হলো- রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’, মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপী’ এবং নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’।
চলচ্চিত্রগুলোর চূড়ান্ত মূল্যায়ন ও বাছাই প্রক্রিয়ার দায়িত্বে রয়েছে সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি, যার নেতৃত্বে আছেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচি। কমিটিটি ইতোমধ্যে অস্কার কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদনও পেয়েছে বলে জানানো হয়েছে।
নির্ধারিত নীতিমালা ও মূল্যায়ন প্রক্রিয়া মেনে কমিটির সদস্যরা জমা পড়া প্রতিটি চলচ্চিত্র দেখবেন এবং পর্যালোচনা করবেন। এরপর যৌথ আলোচনার মাধ্যমে অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য একটি চলচ্চিত্র চূড়ান্ত করা হবে।
সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী ২৭ সেপ্টেম্বর অস্কারে বাংলাদেশের পক্ষ থেকে জমা দেওয়ার জন্য নির্বাচিত চলচ্চিত্রের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, অস্কার বাংলাদেশ কমিটিকে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ।
বিনোদন ডেস্ক : 



















